ঢাকার সঙ্গে বাস বন্ধে যাত্রীদের ভোগান্তি
ঢাকার সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সব যাত্রীবাহী বাস চলাচল দুই দিন ধরে বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে কেউ কেউ বিকল্প বাসে করে রংপুর গিয়ে ঢাকার বাস ধরছেন। এতে আর্থিক ক্ষতিসহ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নরেশ চৌহান সড়কে ঢাকার বাস কাউন্টারের সামনে কথা হয় ঢাকার একটি কলেজে ভর্তির সুযোগ পাওয়া সাজ্জাদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ভর্তির জন্য ঢাকা যেতেই হবে। ঢাকা যাওয়ার জন্য গ্রামের বাড়ি থেকে বাস কাউন্টারে এসে দেখি, সব বাস বন্ধ। এখন মিনিবাস ধরে রংপুর গিয়ে ঢাকার বাসের টিকিট কাটতে হবে।’
সদর উপজেলার রাজাগাঁও গ্রামের বাসিন্দা আহসানুল কবীর বলেন, ‘আগামীকাল (আজ বুধবার) ঢাকায় একটি প্রতিষ্ঠানে আমার চাকরির পরীক্ষা আছে। রাতের টিকিট কাটতে এসে শুনলাম, ঢাকার গাড়ি বন্ধ। কেয়া পরিবহনের কাউন্টারে এক ব্যক্তি জানালেন, রাত থেকে গাড়ি চলাচল শুরু করতে পারে। এটা শুনে কাউন্টারে ঘণ্টা দুয়েক ধরে বসে আছি। অপেক্ষার পর জানতে পারলাম, বাস চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি।’
ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহদাৎ হোসেন বলেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বাসশ্রমিকদের দাবি আদায়ের জন্য গঠিত শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতারা গতকাল দুপুরে ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভায় বসেন। সভায় ঢাকার পথের সব বাস চলাচল বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দানেশ আলী, পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেনু মিয়া, সাধারণ সম্পাদক আব্বাস আলী, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
মো. দানেশ আলী বলেন, সভায় ঢাকার বাস চলাচল সচল রাখতে বাস মালিক সমিতি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আলোচনার উদ্যোগ নিলে সংগ্রাম পরিষদের নেতারা সেই সভায় বসবেন বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আলোচনার আগে পরিবহনশ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া সভায় আজ পঞ্চগড়ে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, সামনে ঈদ। এ সময় ঢাকার বাস চলাচল বন্ধ থাকা কোনোভাবেই ঠিক নয়। অন্য সব জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঢাকার বাস চলাচল সচল করার উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকার পথে চলাচল করা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বাসশ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ ছিল। সেই অসন্তোষ থেকে পরিবহনশ্রমিকেরা পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে চলা হানিফ এন্টারপ্রাইজের বাস বন্ধ করে দেন। ৮ জুন ঠাকুরগাঁওয়ের শ্রমিকেরাও হানিফ এন্টারপ্রাইজের বাস বন্ধ করেন। গত শনিবার পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বাসশ্রমিকদের দাবি আদায়ে গঠিত শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভায় তিন জেলার শ্রমিকনেতারা রোববার থেকে হানিফ এন্টারপ্রাইজের বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে বাসমালিকেরা পাল্টা কর্মসূচি দিয়ে সোমবার থেকে তিন জেলায় চলাচল করা ঢাকার সব বাস বন্ধ করে দেন।