পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় আজ দিনাজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও কেউ আহত হয়নি। তবে এ ঘটনায় আজ বিকেল সাড়ে চারটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
চাটমোহর স্টেশন সূত্র জানায়, আজ দিনাজপুর থেকে দ্রুতযান এক্সপ্রেসের ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে বিরতির পর ট্রেনটি আবার ছাড়ে। কিন্তু কিছুদূর যাওয়ার পর চাটমোহর স্টেশনের কাছে ১৭ নম্বর গেটে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চাটমোহর স্টেশন মাস্টার এস এম রফিকুল জানান, এ ঘটনায় রেললাইনের কিছু অংশও ভেঙে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। রেললাইন থেকে ওই বগিগুলো সরানো ও রেললাইন মেরামতের কাজ চলছে।