ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু
দীর্ঘ নয় ঘণ্টা পর আজ শুক্রবার বেলা একটার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলায় আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী অ্যাডভান্সড পাইলট ট্রেন (শুধু ইঞ্জিন) লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
রেলপথের নিরাপত্তার জন্য চালু করা ইঞ্জিনবিশিষ্ট এই ট্রেন আজ শুক্রবার ভোরে আখাউড়া জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, আজ ভোরে দুর্বৃত্তরা এই রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলে। এতে ভোর চারটার দিকে শুধু ইঞ্জিনবিশিষ্ট ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। রেলের মেরামতকারী দল লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি ফের লাইনে তুলতে সক্ষম হলে বেলা একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।