রেললাইনে আবারও নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলায় গতকাল শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী অ্যাডভান্সড পাইলট ট্রেন (শুধু ইঞ্জিন) লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ নয় ঘণ্টা পর লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলার পর গতকাল বেলা একটার দিকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, রেলপথের নিরাপত্তার জন্য চালু করা অ্যাডভান্সড পাইলট ট্রেন শুক্রবার ভোরে আখাউড়া জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং পাঘাচং রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে তা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি সাইদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলে। এতে ভোর চারটার দিকে শুধু ইঞ্জিনবিশিষ্ট অ্যাডভান্সড ট্রেনটি লাইনচ্যুত হয়। রেলের মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি লাইনে তোলার পর বেলা একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।