ঢাকার সঙ্গে 'কাঁধে কাঁধ রেখে' চলার অঙ্গীকার নয়াদিল্লির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে ‘কাঁধে কাঁধ রেখে’ চলার অঙ্গীকার করেছে ভারত। সেই সঙ্গে সন্ত্রাসবাদ দমনে ভারত সব স্তরে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছে।
গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে লেখা চিঠিতে ভারতের এই অবস্থান তুলে ধরেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিরীহ লোকজনের প্রাণহানির ঘটনা তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে বলে উল্লেখ করেন সুষমা।
সুষমা স্বরাজ বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে আমি এ হামলার তীব্র নিন্দা জানাই। যাঁরা আপনজন হারিয়েছেন তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা ও শোক এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
গুলশান হামলার প্রসঙ্গ তুলে সুষমা স্বরাজ বলেন, ‘এমন অমানবিক সহিংসতা খুবই দুর্ভাগ্যজনক, বিশেষ করে পবিত্র রমজান মাসে যখন সত্যিকারের বিশ্বাসীদের মন আধ্যাত্মিক জগতের সন্ধানে থাকে। এটি প্রমাণ করেছে, সন্ত্রাসীদের কোনো ধর্ম ও বিশ্বাস নেই। কাপুরুষোচিত এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে এবং ভবিষ্যতে এই ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেই আমি বিশ্বাস করি।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শোকের এ সময়ে ভারত অবশ্যই বাংলাদেশের পাশে আছে। নয়াদিল্লি সন্ত্রাস দমন এবং ঘৃণা, সহিসংতা ও সন্ত্রাসের মতাদর্শগত হুমকি থেকে সমাজ রক্ষায় ঢাকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সন্ত্রাস দমনে সর্বস্তরে একেবারে ছাড় না দেওয়ার নীতি এবং সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত।’
এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গত বৃহস্পতিবার এক টুইটার বার্তায় প্রণব মুখার্জি বলেন, ‘এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত সরকার শক্তভাবে বাংলাদেশের ভাই-বোনদের পাশে থাকবে।’
আরেক টুইটে এসব অপশক্তিকে পরাজিত করার জন্য বাংলাদেশ সরকারকে ভারত সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানান প্রণব মুখার্জি।