ঢাকার সব ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ কমিটি করে রাজধানীর সব ট্রান্সফরমার পরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণে সরকারের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেন আদালত। বিদ্যুৎসচিব, ডিপিডিসি ও ডেসকোর পরিচালকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৩ জুন নিমতলীতে আগুনে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। এজন্য রাসায়নিক পদার্থের পাশাপাশি ট্রান্সফরমার বিস্ফোরণকেও দায়ী করা হয়। গতকাল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ও সোসাইটি অব জাস্টিসের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে রিট করেন ও শুনানি করেন।