ঢাকার সমাবেশে আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতারা সরকার পতনের জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ঢাকায় মহাসমাবেশ থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ২৯ মার্চ থেকে ছয়টি বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকার মহাসমাবেশ থেকে খালেদা জিয়া আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবেন।গতকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সমাবেশে নেতারা এসব কথা বলেন। অবশ্য চেয়ারপারসন ও মহাসচিবসহ শীর্ষপর্যায়ের অধিকাংশ নেতাই এতে অংশ নেননি।এই শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এর আগে তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে এটাই প্রমাণিত হয়েছে, সরকারের ওপর থেকে জনগণের আস্থা এখন শূন্যের কোঠায় চলে গেছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। তাই সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।সমাবেশের পর অর্ধশতাধিক মোটরসাইকেল, সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এই শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে শুরু হয়ে কাকরাইলের মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা-পূর্ব সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, ফজলুল হক, মোয়াজ্জেম হোসেন, সাইফুল আলম, ইলিয়াস আলী, ফজলুর রহমান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। নেতারা বলেন, ২৯ মার্চ থেকে চেয়ারপারসন খালেদা জিয়া ছয়টি বিভাগীয় শহরে বিএনপির সমাবেশে যোগ দেবেন। প্রথম সমাবেশ হবে চট্টগ্রামে।