ঢাকার সাতটি এলাকা ভিক্ষুকমুক্ত হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের সাতটি এলাকা ভিক্ষুকমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এ কথা বলেন।

এ বিষয়ে সরকারি দলের শাহরিয়ার আলমের লিখিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, ঢাকা মহানগরের বিমানবন্দর, সোনারগাঁও, রূপসী বাংলা ও র্যাডিসন হোটেল, বেইলি রোড, কূটনৈতিক জোন এবং দূতাবাস এলাকাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব এলাকায় অভিযান চালানোর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ অধিদপ্তরে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা গত ২১ জুলাই পুনরুজ্জীবিত করা হয়েছে। তিনি জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্প অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি পেশা দূর করা সম্ভব হবে।

এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

আওয়ামী লীগের এ এন মাহফুজা খাতুনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, সরকার জাতীয় প্রবীণ নীতিমালা চূড়ান্ত করেছে। এটি কার্যকর হলে বাস-ট্রেনে ষাটের বেশি বয়সের নাগরিকেরা অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুবিধা পাবেন। তিনি আরও জানান, পর্যায়ক্রমে উড়োজাহাজেও বয়স্ক নাগরিকদের অর্ধেক ভাড়ায় ভ্রমণের ব্যবস্থা করা হবে।

পিনু খানের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান বলেন, সরকার রাজধানীর শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড পর্যন্ত ১৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করেছে।