ঢাকার সিএমএম নিয়োগ নিয়ে টানাপোড়েন
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) পদে নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন চলছে। এই একটি সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় প্রায় ৩০ জন অতিরিক্ত জেলা জজের পদোন্নতি আটকে আছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি আগামী সোমবার মন্তব্য করবেন।
মাসদার হোসেন মামলার রায়ে বলা আছে, কোনো বিচারকের বদলির বিষয়ে সরকার ও আদালতের মধ্যে দুই রকম মতের কারণ ঘটলে সুপ্রিম কোর্টের মত প্রাধান্য পাবে। বর্তমান আইনমন্ত্রী অবশ্য তা দৃঢ়তার সঙ্গে মেনে চলার দাবি করে আসছেন। গত বুধবার টেলিফোনে তাঁর এই অবস্থানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে তাঁর সংকল্প পুনর্ব্যক্ত করেন এবং স্পষ্টতই বিষয়টি দ্রুত নিষ্পত্তির আভাস দেন।
উল্লেখ্য, প্রধান বিচারপতি এস কে সিনহা সম্প্রতি আইন মন্ত্রণালয়ের প্রতি অসন্তোষ ব্যক্ত করেন। আদালতে একটি শুনানিকালেও তিনি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, সর্বোচ্চ আদালতের আদেশ তামিল না হলে একটি দেশ চলতে পারে না।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (অতিরিক্ত জেলা জজ পদমর্যাদাসম্পন্ন) হিসেবে বিকাশ কুমার সাহা তিন বছর ধরে দায়িত্ব পালন করছেন। আইন মন্ত্রণালয়ের নিয়োগ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে তিনি অতিরিক্ত জজ হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
গত ৭ এপ্রিল আইন মন্ত্রণালয় বিকাশ কুমার সাহাকে সিএমএম থেকে প্রেষণে আইন মন্ত্রণালয়ের উপসচিব এবং সিএমএম হিসেবে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবার রহমান সরকারের নাম প্রস্তাব করে।
গত ১৬ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনসচিবকে দেওয়া এক পত্রে জানান, বিকাশ কুমারকে উপসচিব করার প্রস্তাবে আদালত একমত হয়েছেন। কিন্তু সিএমএম পদে সরকারের প্রস্তাবে একমত হননি। সুপ্রিম কোর্ট ওই পদে চাঁদপুরের অতিরিক্ত জেলা জজ অরুণাভ চক্রবর্তীকে নিয়োগের পরামর্শ দেন। কিন্তু আইন মন্ত্রণালয় এই পরামর্শ গ্রহণ করেনি।
গত ১১ মে আইন মন্ত্রণালয় পুনরায় ঢাকার সিএমএম পদে মাহবুবার রহমানের নাম প্রস্তাব করে দ্বিতীয়বার পত্র দেয়। সুপ্রিম কোর্ট গত ১৭ মে আইনসচিবকে দেওয়া আরেকটি চিঠিতে ‘সরকারের প্রস্তাবের সাথে কোর্ট একমত পোষণ করেনি’ মর্মে জানিয়ে দেন। সুপ্রিম কোর্ট তাঁর আগের সিদ্ধান্তে স্থির থাকেন।
এরপর ২১ মে আইন মন্ত্রণালয় তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্টের পরামর্শ তামিল করতে অপারগতা প্রকাশ করে। সরকার এবার জামালপুরের মুখ্য বিচারিক হাকিম মো. মুজিবুর রহমানকে ঢাকার সিএমএম হিসেবে বদলির সুপারিশ করে।
গত ২৩ মে প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবারও সরকারের ওই প্রস্তাবের সঙ্গে একমত না হওয়ার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট। তবে এবার সুপ্রিম কোর্ট ঢাকার সিএমএম পদে তাঁদের আগের প্রস্তাব থেকে সরে অরুণাভ চক্রবর্তীর পরিবর্তে ঢাকার অতিরিক্ত জেলা জজ শেখ হাফিজুর রহমানকে বদলির সুপারিশ করেন। কিন্তু সরকার এখনো সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় না।
ঢাকার সিএমএম পদে বদলি নিয়ে সরকার ও আদালতের মধ্যে যোগাযোগের একপর্যায়ে আইন মন্ত্রণালয় প্রায় ৩০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে পদোন্নতির প্রস্তাব পাঠায়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ঢাকার বর্তমান সিএমএম বিকাশ কুমার সাহাও রয়েছেন এবং জেলা জজ হিসেবে উপসচিবের প্রশাসনিক পদেই তাঁর আগের বদলির সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম ৩ জুন টেলিফোনে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ঢাকার সিএমএম হিসেবে হাফিজুর রহমান, আইন মন্ত্রণালয়ের উপসচিব পদে বিকাশ কুমারের বদলি এবং জেলা জজ পদে প্রায় ৩০ জনের পদোন্নতি—কোনোটির বিষয়েই বিধি অনুযায়ী সরকারি আদেশ (জিও) জারি হয়েছে বলে তাঁর দপ্তরের জানা নেই।
বদলি ও পদোন্নতি নিয়ে এ পরিস্থিতি বিরল কি না, জানতে চাইলে রেজিস্ট্রার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সাবেক বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শেখ হাসিনার প্রথম সরকারে তিনি হাইকোর্টের বিচারক ছিলেন। তিনি ও বিচারপতি এ এন এম নাইম মোমিনুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে তখন সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে ঢাকার সিএমএম পদে নিয়োগ দেওয়ার একটি সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। তাঁরা ওই সিদ্ধান্তকে বেআইনি বলে রায় দিয়েছিলেন।