ঢাকার সিজেএম আদালতে পেশকার-আইনজীবীদের হাতাহাতি

ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালতে পেশকার ও আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা ১১টার দিকে সিজিএম আদালতে একটি মামলায় জামিন আবেদন নাকচের পর পেশকার ও আইনজীবীর মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ ঘটনার পর সাধারণ আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ভাঙচুরের ঘটনাও ঘটে। আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন।
পরে এ ঘটনা নিয়ে বিকেলে ঢাকার জেলা জজ আদালতের কনফারেন্স কক্ষে বিচারক, আইনজীবী সমিতির নেতারা ও পুলিশ প্রশাসনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান বলেন, সমাজে বিচারক ও আইনজীবীদের বিজ্ঞ বলা হয়। এ ধরনের ঘটনা সমাজের ওপর বিরূপ প্রভাব পড়ে। জামিন শুনানি নিয়ে এমন ঘটনা যদি ঘটে থাকে, তা দুঃখজনক।
বিচারিক আদালতের সিদ্ধান্তে সংক্ষুব্ধ যে কেউ উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন জানিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বলেন, এমন ঘটনা ঘটলে বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। তাতে করে বিচারকেরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
যৌথ সভায় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী কাজী নজীবুল্লাহ বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখজনক। বার এবং বেঞ্চের মধ্যে সুসম্পর্ক রাখা সবার কাম্য।
আজকের মতো ঘটনা যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বলেন, কেন এমন ঘটনার উদ্ভব হলো, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
ঢাকা বারের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আলোচনার মাধ্যমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান হয়েছে। আগামীকাল যথারীতি আদালত বসবেন, আইনজীবীরাও আদালতে যাবেন।
এ ছাড়া সভায় ঢাকার ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম এমদাদুল হক, ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান, সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম প্রমুখ বক্তব্য দেন।