ঢাকার সেরা কলেজগুলোয় উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিকের ফলাফল পাওয়ার পর ঢাকার সেরা কলেজগুলোয় গতকাল বৃহস্পতিবার সারা দিন ছিল উল্লাস-উচ্ছ্বাস। নেচে-গেয়ে শিক্ষার্থীরা এই উৎসব করেছেন। অনেক কলেজেই এই আনন্দে যোগ দিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা। তবে ঐতিহ্যবাহী ঢাকা ও ভিকারুননিসা নূন কলেজের অবস্থান এবার কিছুটা নেমে যাওয়ায় সেখানে উৎসবের কিছুটা কমতি ছিল। ঢাকা বোর্ডের সেরা দশের মধ্যে এবার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে ময়মনসিংহ ক্যাডেট কলেজ ও মির্জাপুর ক্যাডেট কলেজ। বাকি আটটি কলেজই ঢাকা নগরের। গতকাল ফলাফল প্রকাশের পর এই কলেজগুলোর চিত্র ছিল উৎসবের। উচ্ছ্বাস হলিক্রসে: গতকাল বেলা সাড়ে ১১টা। হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। প্রতীক্ষার প্রহর ফুরাল দুপুর সাড়ে ১২টায়। বিদ্যালয়ের খেলার মাঠে বসানো বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। কিছুক্ষণ পরই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন হলিক্রসের ছাত্রীরা। ঢাকা বোর্ডে তৃতীয় স্থান এবং রাজধানীর কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো করার কারণে ছাত্রীদের উচ্ছ্বাসটা একটু বেশি হতেই পারে।এ বছর হলিক্রস কলেজের এক হাজার ৩৪৩ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেছেন এক হাজার ৩৩৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭২২ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া নিশাত তাসনীম প্রথম আলোকে বলেন, ফলাফলে খুশি। বন্ধুরা সবাই জিপিএ-৫ পাওয়ায় বেশি খুশি লাগছে। বুয়েটে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।কলেজের অধ্যক্ষ শিখা গোমেজ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের যত্ন আর অভিভাবকদের প্রচেষ্টার কারণে কলেজের মেয়েরা ভালো ফল করেছে।’ উন্নতি রাজউক উত্তরা মডেলের: মাধ্যমিক পরীক্ষায় এবার দেশসেরা হয়েছিল রাজউক উত্তরা মডেল কলেজ। উচ্চমাধ্যমিকে ঢাকার সেরাদের তালিকার চার নম্বরে আছে কলেজটি। কলেজ থেকে এবার মোট ৯৬৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। জিপিএ-৫ পেয়েছেন ৪৯৮ জন। পাসের হার ৯৯ দশমিক ১৭ শতাংশ।কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, পরীক্ষা চলাকালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা দিতে পারেনি। গ্রাম থেকে আসা কিছু শিক্ষার্থী ঝরে পড়েছে। এসব সমস্যা না হলে ফলাফল আরও ভালো হতো। পঞ্চম রেসিডেন্সিয়াল মডেল: গতবারের দশম স্থান থেকে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে এবার ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। কলেজের অধ্যক্ষ কর্নেল মো. কামরুজ্জামান খান গতকাল যখন এই ঘোষণা দিলেন, তখন চারদিকে শুধু ঢাকঢোলের শব্দ। কলেজের মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তখন বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। একে অন্যকে জড়িয়ে, হাততালি দিয়ে, চিৎকার করে যে যেভাবে পারছিলেন এর বহিঃপ্রকাশ ঘটাচ্ছিলেন। প্রতিষ্ঠানটিতে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৩৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২৮১ জন, ব্যবসায় শিক্ষায় ২০ জন ও মানবিক বিভাগের আটজন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৯৯ দশমিক ৫৩। অধ্যক্ষ কামরুজ্জামান খান বলেন, শ্রেণীকক্ষে শিক্ষকদের নিবিড় পাঠদান, শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের তত্ত্বাবধানের ত্রিমুখী প্রচেষ্টার সমন্বয়েই এ ধরনের ফলাফল করা সম্ভব হয়েছে। নটর ডেম কলেজ এবার ষষ্ঠ: গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে নটর ডেম কলেজ ছিল সেরাদের সেরা। কিন্তু এবার কলেজটির অবস্থান ষষ্ঠ। তবে অবস্থান যা-ই হোক, ভালো ফলাফল এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এবারও নিজেদের আধিপত্য বজায় রেখেছেন কলেজটির ছাত্ররা। ছাত্রদের ফলাফলে খুশি কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা। তিনি প্রথম আলোকে বলেন, কলেজের ৯৮ দশমিক ৪০ শতাংশ ছাত্র পাস করেছেন। এটা খুবই আশাব্যঞ্জক ফল। তিনি বলেন, ‘বোর্ডের মূল্যায়নে আমাদের কলেজ এবার ষষ্ঠ হয়েছে। তবে আমাদের ছেলেরা কর্মক্ষেত্রে গিয়ে অন্যদের চেয়ে ভালো করে।’ এ বছর নটর ডেম কলেজের দুই হাজার ৪৪১ জন ছাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেন দুই হাজার ৪০২ জন। পাসের হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। এ বছর কলেজে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ২০৯ জন। বিভিন্ন বিভাগের ৩৯ জন ছাত্র পাস করতে পারেনি। সন্তুষ্ট নয় সিটি কলেজ: সিটি কলেজ থেকে এবার ৮১৯ জন জিপিএ-৫ পেয়েছেন। ঢাকা বোর্ডে কলেজের অবস্থান সপ্তম। তবে মেধাতালিকায় অবস্থান যেখানেই থাক না কেন, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান খান বললেন তাঁর ছাত্ররা ভালো করেছেন। সিটি কলেজের শিক্ষকদের অভিযোগ, সরকার ভালো কলেজগুলোয় বেশি বেশি শিক্ষার্থী ভর্তি করতে বলছে, কিন্তু পদ্ধতির পরিবর্তন করায় সিটি কলেজের মতো প্রতিষ্ঠান পিছিয়ে থাকছে আর ক্যাডেট কলেজগুলো এগিয়ে থাকছে। শিক্ষকেরা বলেন, জিপিএ-৫-এর সংখ্যা হিসাব করলে সিটি কলেজের অবস্থান দ্বিতীয়, নটর ডেম কলেজের পরই। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বোর্ডের সেরা ১০টি কলেজের যে তালিকা করেছে, তাতে সিটি কলেজের অবস্থান সপ্তম। ভিকারুননিসার অবনতি: আনন্দ ও উল্লাসের শব্দটা এবার ভিকারুনসিসা স্কুল ও কলেজ খুব জোরালো ছিল না। ঢাকার শীর্ষ দশের মধ্যে ভিকারুননিসার অবস্থান অষ্টম। এ বছর প্রতিষ্ঠান থেকে ৫২৩ জন জিপিএ-৫ পেয়েছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ বছর এই প্রতিষ্ঠানের পাসের হার ৯৭ দশমিক ৪ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৩২ শিক্ষার্থী। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভিকারুননিসা থেকে অংশ নিয়েছে এক হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে কৃতকার্য হয়েছে এক হাজার ১১০। গত বছর এ প্রতিষ্ঠানে পাসের হার ছিল প্রায় ৯৯ শতাংশ।এ বছর বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে ৬৬৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে কৃতকার্য হয়েছে ৬৩৭ জন। অকৃতকার্য হয়েছে ২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৯০ জন। মানবিক বিভাগে ৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৫ জন জিপিএ-৫ পেয়েছেন। ফলাফল ঘোষণার পর শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে উল্লাস শুরু করেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। তবে এ উল্লাস ঠিক আগের মতো জোরালো ছিল না। ছিল না বাদ্যযন্ত্রের আওয়াজ। উল্লাসে মেতেছিলেন শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা।প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘গতবারের চেয়ে এবার আমাদের কিছুটা খারাপ হয়েছে। তবে এত খারাপ নয়। উত্থান-পতন জীবনেরই অংশ। তবে ভবিষ্যতে এ প্রতিষ্ঠান আরও ভালো করবে।’ শীর্ষ তালিকায় পিছিয়ে পড়ার জন্য তিনি দায়ী করেছেন নতুন নিয়মকে। নবম রাইফেলস কলেজ: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফলাফল এসে পৌঁছায় বেশ দেরিতে। সকাল থেকেই ছাত্রছাত্রীরা ফলাফল জানতে ভিড় জমিয়েছিল কলেজ কম্পাউন্ডে। প্রস্তুত ছিলেন ড্রামবাদকেরাও। শিক্ষকেরা মোটামুটি নিশ্চিত ছিলেন, গত দুই বছরের মতো এবারও শতভাগ ছাত্রছাত্রীই পাস করবেন। জিপিএ-৫ পাবেনও উল্লেখযোগ্যসংখ্যক ছাত্রছাত্রী। কিন্তু বিজ্ঞান বিভাগে পাঁচজন অকৃতকার্য এবং গত বছরের তুলনায় জিপিএ-৫ কম হওয়ায় শেষ পর্যন্ত আর খুশি হতে পারেননি অধ্যক্ষ শাহীনা পারভিন। রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ বছর ৯১৭ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হন ৯১১ জন, পাঁচ জন অকৃতকার্য আর একজন অনুপস্থিত ছিল। কলেজ কর্তৃপক্ষ জানায়, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে শতভাগ ছাত্রছাত্রীই পাস করেছেন। এ দুটি বিভাগে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। কিন্তু সব মিলিয়ে এ বছর পাসের হার কিছুটা কমেছে। শাহীনা পারভীন বলেন, মেধাতালিকায় নবম স্থান পাওয়া নিয়ে তাঁর কোনো আফসোস নেই। তবে শতভাগ ছাত্রছাত্রী কৃতকার্য না হওয়ায় তিনি ব্যথিত। আরও পিছিয়েছে ঢাকা কলেজ: ঐতিহ্যবাহী ঢাকা কলেজ এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে অন্যবারের তুলনায় পিছিয়ে আছে। ঢাকা বোর্ডে গতবার কলেজটি নবম স্থানে ছিল। এবার আরও পিছিয়ে দশম স্থানে পৌঁছেছে। তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দীন আহমেদ বলেন, সরকার ফলাফলের দিক থেকে অবস্থান নির্ধারণে বেশ কিছু শর্ত দিয়েছে। কতজন পরীক্ষার্থী ভর্তি হলো, কতজন পরীক্ষা দিল, কতজন পাস করল—এ ধরনের শর্তের বেড়াজালে হয়তো অবস্থান পিছিয়ে গেছে। তবে ফলাফল সন্তোষজনক।কলেজটিতে এবার মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ২২ জন। এর মধ্যে পাস করেন ৯৯৪ জন। ফেল করেছে ২৮ জন। বিজ্ঞান বিভাগের ৩৮৬ জন, বাণিজ্য বিভাগে ১৫ জন এবং মানবিকে চারজন জিপিএ-৫ পেয়েছেন। অর্থাৎ মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০২ জন। কলেজটির পাসের হার ৯৭ দশমিক ২৬।অধ্যক্ষ বলেন, রাজধানীতে একমাত্র কলেজ, যেখানে শিক্ষার্থীরা খুব কম পয়সায় পড়ার সুযোগ পাচ্ছে। এখানে গ্রামের শিক্ষার্থীদের জন্য কোটা আছে। ফলে প্রতিবছর গ্রামের মেধাবী ছেলেরা এ প্রতিষ্ঠানে ভর্তি হতে আসে। কিন্তু শহুরে জীবনের সঙ্গে খাপ খাওয়ানো, আবাসিক ব্যবস্থার সংকট, বই কিনতে না পারাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের পড়ায় কিছুটা বিঘ্ন ঘটে। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হলেও অনেককে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য অভিভাবকদের পক্ষ থেকে চাপ থাকে। এ ছাড়া অনার্স, মাস্টার্স পরীক্ষার জন্য ক্লাস বন্ধ রাখতে হয়। প্রশাসনিক কিছু ব্যর্থতাও শিক্ষার্থীদের ফলাফলে প্রভাব ফেলে।