জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ময়মনসিংহের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ময়মনসিংহ জিলা স্কুল তৃতীয়, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (স্কুল শাখা) চতুর্থ, বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয় অষ্টম স্থানে রয়েছে। এ ছাড়া মোমেনশাহী ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ১৪তম স্থান অর্জন করেছে। জেলার মোট ৪৬ হাজার ৪০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ৪০৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৮১ জন। পাসের হার ৮২ দশমিক ৭৬ শতাংশ। জিলা স্কুলের ২৭৫ জন পরীক্ষার্থীর ২২১ জন, গার্লস ক্যাডেটের ৫১ জনের ৪৭ জন ও বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের ২৮০ জনের ১৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে ফলাফল পাওয়ার পরপরই ময়মনসিংহ শহরে আনন্দের বন্যা বয়ে যায়। কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা আনন্দ, উল্লাস-উচ্ছ্বাস প্রকাশ করেন। ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুস ফারুকী বলেন, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শিক্ষক-অভিভাবকদের সমিঞ্চলিত প্রচেষ্টায় ভালো ফল অর্জন সম্ভব হয়েছে। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।’