ঢাকার সেরা প্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা বোর্ডে সবচেয়ে ভালো ফল করেছে। এ ছাড়া মতিঝিল আইডিয়াল, ভিকারুননিসা, ঢাকা রেসিডেনসিয়ালের মতো নামী প্রতিষ্ঠানগুলো বরাবরের মতোই ভালো করেছে। তাই স্কুলগুলোতে ছিল উচ্ছ্বাস। রাজউক উত্তরা মডেল: এ বছর এই কলেজ থেকে ৩৩৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন। পাসের হার শতভাগ, জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৮৯ দশমিক ৬৮।গতকাল দুপুর থেকেই ফলাফল জানতে স্কুলে জড়ো হতে থাকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। ফলাফলে সেরাদের তালিকায় থাকার খবরে উল্লাসে মেতে ওঠে তারা। কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘প্রথম হওয়া অবশ্যই সম্মানের। অসাধারণ ফল অর্জন করায় আমি গর্বিত। ছেলেমেয়েদের ঐকান্তিক চেষ্টা, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই অসামান্য কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে। এমন ভালো ফলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় অসাধারণ ফল পেয়েছি।’ জিপিএ-৫ পাওয়া এই কলেজের ছাত্রী নাদিয়া নওশীন বলে, ‘মা ও শিক্ষকদের তত্ত্বাবধানে এই ফল অর্জন করতে পেরেছি।’ শাহরুখ আহমেদ বলেন, ‘অনুভূতি অনেক ভালো। প্রথমে নার্ভাস ছিলাম। জিপিএ-৫ পেয়েছি জানার পর তা কেটে গেছে।’ মতিঝিল আইডিয়াল দ্বিতীয়: গতবার প্রথম স্থানে থাকলেও এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বোর্ডে দ্বিতীয় হয়েছে। এবার এক হাজার ২৩১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭২২ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, পরীক্ষার ফলাফল আপেক্ষিক ব্যাপার। হয়তো খুব সামান্য নম্বর বা পয়েন্টের হেরফেরে প্রথম স্থান ধরে রাখা সম্ভব হয়নি। তবে এবারও শতভাগ পাস করেছে এবং জিপিএ-৫ পাওয়াদের সংখ্যা বেড়েছে। সব মিলে স্কুলের ফলাফলে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাই খুশি।ভিকারুননিসা চতুর্থ: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবার চতুর্থ হয়েছে। এক হাজার ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮০৫ জন। জিপিএ-৫-এর শতকরা হার ৫৬ দশমিক ৪১ শতাংশ। ফলাফল প্রকাশের পর গতকাল বেইলি রোডে এ প্রতিষ্ঠানের মূল কার্যালয়ে গিয়ে দেখা যায়, ছাত্রীরা উল্লসিত। শিক্ষার্থীরা দৌড়ে পা ছুঁয়ে শিক্ষকদের সালাম করে। এক বন্ধু আরেক বন্ধুকে দেখেই চিৎকার। মা ও বাবারাও সন্তানদের আনন্দ দেখে খুশি ধরে রাখতে পারছিলেন না।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, গতবারের চেয়ে প্রায় ৫০০ জন বেশি এবার জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করেছে। তবে এবার দুজন ছাত্রী অসুস্থ থাকায় পরীক্ষা দিতে পারেনি। তাই হয়তো মেধা তালিকায় খানিকটা পিছিয়ে গেছে। ঢাকা রেসিডেনসিয়াল পঞ্চম: গতবারের ১৪তম অবস্থান থেকে এবার কয়েক ধাপ পেরিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। বাংলা ও ইংরেজি মাধ্যমে ৪১৪ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন। ফল পেয়ে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে। কলেজজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কামরুন্নাহার খানম বলেন, ‘শ্রেণীকক্ষে পাঠদান ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের ওপর বিশেষ নজর ছিল। শিক্ষা বোর্ডের পাঠ্যসূচি আগস্ট মাসের মধ্যেই সম্পন্ন করা হয়েছে। তিনটি পার্বিক পরীক্ষা ছাড়া আরও পাঁচটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয়েছে। আগামীতে আমরা প্রথম স্থানে যাওয়ার চেষ্টা করব।’ জিপিএ-৫ পাওয়া এই স্কুলের ছাত্ররা গতকাল উল্লাস করছিল কলেজ মাঠে। তাদের একজন আবদুল্লাহ আল মামুন বলে, ‘আমার অনেক খুশি লাগছে। স্কুলের শিক্ষক, বাবা-মা সবার চেষ্টায় আমি এই ফল করেছি।’সেন্ট যোসেফ: ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবার জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে নবম। ১৬৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন। ফল পেয়ে স্কুল ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়। স্কুলের অধ্যক্ষ হ্যারোল্ড বি্ রড্রিকস্ বলেন, ‘সাফল্যের অন্যতম কারণ হচ্ছে নিয়মিত ক্লাস টেস্ট। এ ছাড়া পরীক্ষার প্রস্তুতির বিষয়ে ছাত্র ও অভিভাবকেরা অত্যন্ত সচেতন ছিলেন। শিক্ষার মান বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সবাই গ্রহণ করেছে। হলিক্রস: ঢাকা বোর্ডের সেরা স্কুলের মধ্যে হলিক্রস এবার ১১তম। গতকাল ফল প্রকাশের পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা পরস্পরকে জড়িয়ে আনন্দ ভাগাভাগি করে। এই আনন্দে যোগ দেন শিক্ষার্থীদের মায়েরাও। এবার হলিক্রস থেকে জেএসসি পরীক্ষায় ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১৪ জন।