ঢাকার হোটেলে আশুলিয়ার ব্যবসায়ী খুন
রাজধানীর বড় মগবাজারের একটি আবাসিক হোটেলে চান মিয়া (৩৮) নামের আশুলিয়ার এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে হোটেলের কক্ষ থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে রমনা থানার পুলিশ।পরিবারের অভিযোগ, সময়মতো মুক্তিপণ না দেওয়ায় অপহরণকারীরা চান মিয়াকে হত্যা করেছে। পুলিশ বলেছে, ব্যবসাসংক্রান্ত শত্রুতার জেরে হত্যা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আল আকসা হোটেলের একটি কক্ষ থেকে চান মিয়ার লাশ উদ্ধার করা হয়। তাঁর মুখ-গলা গেঞ্জির কাপড় দিয়ে বাঁধা ছিল।চান মিয়া সপরিবারে আশুলিয়ার চিত্রশাইলে থাকতেন। বাইপাইলে দুটি খাবার হোটেল রয়েছে তাঁর। পাশাপাশি তিনি জমির ব্যবসাও করতেন। তাঁর ভায়রার ছেলে রুহুল আমিন বলেন, গত শনিবার সকালে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি জমি কেনার কথা বলে চান মিয়াকে ফোনে বড় মগবাজারে ডেকে নেন। রাতে তাঁর মুঠোফোন থেকে ফোন করে স্ত্রী ডলি আক্তারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়।রুহুল বলেন, দর-কষাকষি করে ২০ লাখ টাকায় রফা হয়। তাঁরা অপহরণকারীদের প্রায় দেড় লাখ টাকা দেন। সময়মতো বাকি টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাঁকে হত্যা করা হয়।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শনিবার অভিযোগ পাওয়ার পর মুঠোফোনে আঁড়ি পেতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বিকেলে ওই হোটেলের কর্মচারীদের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। হোটেলের কর্মচারীরা জানান, শনিবার দুজন লোক একটি কক্ষে ওঠেন। পরদিন তাঁরা ভাড়া না মিটিয়ে কক্ষ তালাবদ্ধ করে চলে যান। এতে সন্দেহ হলে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। কক্ষে ওই দুই লোক ছাড়া অন্য কেউ ছিল কি না, তা কর্মচারীরা জানেন না।ওসি বলেন, সময়মতো মুক্তিপণ না দেওয়া অথবা জমিসংক্রান্ত ব্যবসার জেরে শত্রুতায় এ ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।