ঢাকার ১০ শতাংশ ম্যানহোলে ঢাকনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীতে ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনের ম্যানহোলের প্রায় ১০ শতাংশই ঢাকনাবিহীন। মোট ম্যানহোল ৭৪ হাজার ৩৩৩টি। ঢাকনা ভাঙে, চুরি হয়। তারপর ঢাকনা আছে কি নেই, তা কেউ দেখে না। ঢাকনাহীন ম্যানহোলে পড়ে দুর্ঘটনার শিকার হয় অনেক পথচারী। ঢাকনাহীন পাইপে পড়ে গত বছর রাজধানীর শাহজাহানপুরে শিশু জিহাদ মারা যায়। গত মঙ্গলবার শ্যামপুরে খোলা নর্দমায় পড়ে মারা যায় আরেক শিশু নীরব।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানহোলে ঢাকনা না থাকার জন্য প্রধানত দায়ী ভারী যানবাহন। চাকার চাপে প্রথমে ঢাকনা ভেঙে পড়ে। এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মীরাও ম্যানহোল পরিষ্কার করার সময় অসতর্কতায় ঢাকনা ভেঙে ফেলেন। মাদকাসক্ত ও টোকাইরাও ঢাকনা চুরি করে বিক্রি করে।
গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে অনেক ঢাকনাবিহীন ম্যানহোল দেখা যায়। চামেলীবাগ থেকে শান্তিনগর হয়ে সার্কিট হাউস রোড পর্যন্ত ১৬টি ম্যানহোলে ঢাকনা দেখা যায়নি। পুরান ঢাকার নারিন্দা, গোপীবাগ, স্বামীবাগ, দয়াগঞ্জ, ধুপখোলাসহ আশপাশের এলাকার রাস্তায় দেখা গেছে ঢাকনাবিহীন ম্যানহোল। মিরপুরের ৬ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কে, পূর্ব শেওড়াপাড়া, ১৩ নম্বর ও ১৪ নম্বরে বেশ কয়েকটি ম্যানহোলে ঢাকনা ছিল না।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান প্রথম আলোকে বলেন, প্রধানত কর্তৃপক্ষের অবহেলার কারণেই রাজধানীর অনেক সড়কে ম্যানহোলের ঢাকনা থাকে না। ধানমন্ডি ২৭ নম্বর থেকে জিকাতলা পর্যন্ত প্রধান সড়কেই আটটি ম্যানহোলের ঢাকনা নেই। মনে হয় ঢাকনা আছে কি না, দেখার কেউ নেই।
রাজধানীতে ম্যানহোল বসানোর বিষয়ে ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশন একই নিয়ম মেনে থাকে। প্রতি ৩০ মিটার নালার ওপর একটি ম্যানহোল। সে হিসাবে ঢাকা ওয়াসার সাড়ে ৩০০ কিলোমিটার ভূগর্ভস্থ নালা (ড্রেনেজ) এবং ৮৮০ কিলোমিটার পয়োনালার ওপর ম্যানহোল রয়েছে ৪১ হাজার। দুই সিটি করপোরেশনের প্রায় এক হাজার কিলোমিটার পাইপ নালার ওপর রয়েছে ৩৩ হাজার ৩৩৩টি ম্যানহোল। এ ছাড়া বিভিন্ন কলোনিতে গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষেরও নিজস্ব কিছু ম্যানহোল রয়েছে।
ঢাকনা না থাকলেও ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশন—দুই পক্ষই নিজ নিজ ম্যানহোল রক্ষণাবেক্ষণে পুরোপুরি সতর্ক বলে দাবি করেছে। ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেছেন, ওয়াসা ম্যানহোল রক্ষণাবেক্ষণে আন্তরিক। একটি ঢাকনা তৈরিতে প্রায় ছয় হাজার টাকা খরচ হলেও পাড়ার ভাঙারিসহ বিভিন্ন স্থানে এগুলো ২০০ টাকায় বিক্রি হয়। ওয়াসা মাসে কমপক্ষে ৫০টি নতুন ঢাকনা বসায়।
অন্যদিকে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নূরুল আমিন বলেন, ১০ শতাংশ ম্যানহোল ঢাকনাবিহীন। ঢাকনাবিহীন ম্যানহোলের বেশির ভাগই ওয়াসার। বিভিন্ন এলাকা থেকে শত শত চিঠি আসে। অভিযোগের ভিত্তিতে খোলা ম্যানহোলের ঢাকনা লাগাতে ওয়াসাকে প্রচুর চিঠি দেওয়া হয়েছে।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুদরতউল্লাহ বলেন, ম্যানহোলের ঢাকনা ভাঙে, চুরি হয়, তাৎক্ষণিকভাবে আবার লাগিয়ে দেওয়া হয়। বিশেষ করে প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোকে সচল রাখতে ডিএনসিসি সব সময়ই সতর্ক থাকে।