ঢাকার ১৪টি আসনে আগাম প্রার্থী ঘোষণা নাগরিক ঐক্যের
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরের ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য। সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।মাহমুদুর রহমান বলেন, নাগরিক ঐক্য কোনো রাজনৈতিক দল নয়। তাই তাদের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচন হবেই, এমন নিশ্চয়তাও পাওয়া যাচ্ছে না। এ জন্য দুই দলের মূল নেত্রী দায়ী। প্রধান দুই দলের রাজনীতি দুর্বৃত্তায়নের কবলে পতিত হওয়ায় দুই ধারার বাইরে একটি বিকল্প ব্যবস্থা করার লক্ষ্য সামনে রেখে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। ঘোষিত প্রার্থীরা হলেন ঢাকা-৪ (যাত্রাবাড়ী-শ্যামপুর) আসনে মাহমুদ জামাল কাদেরী, ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী) ইফতেখার আহমেদ, ঢাকা-৬ (যাত্রাবাড়ী-সূত্রাপুর) আবু বকর সিদ্দিক, ঢাকা-৮ (লালবাগ, মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনা) রেহানা পারভীন, ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ) শাহ আলম কবীর, ঢাকা-১০ (বাড্ডা, খিলগাঁও) মো. শরীফ আহমেদ খান, ঢাকা-১১ (রমনা, তেজগাঁও, বাড্ডা, ভাটার) শেখ শামসুল আলম, ঢাকা-১২ (ধানমন্ডি, হাজারীবাগ, মোহাম্মদপুর) রেহানা আক্তার, ঢাকা-১৩ (আদাবর, ধানমন্ডি, হাজারীবাগ, মোহাম্মদপুর) নজরুল ইসলাম, ঢাকা-১৪ (মিরপুর, শাহ আলী, সাভার) আবদুল্লাহ আল আমিন, ঢাকা-১৫ (মিরপুর, কাফরুল) মো. ইব্রাহীম মোল্লা, ঢাকা-১৬ (মিরপুর, পল্লবী, শাহ আলী) আবদুল জব্বার, ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, কাফরুল, পল্লবী) মো. মাসুদুল হক ও ঢাকা-১৮ (বাড্ডা, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, খিলক্ষেত) আসনে অধ্যাপক লিয়াকত হোসেন।মাহমুদুর রহমান স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নেওয়ার বিধান বাতিলের দাবি জানান। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, ‘এটা সংবিধানবিরোধী। আমি কাকে ভোট দেব তা আগে থেকেই বলে দিতে হবে, এটা হতে পারে না।’ রমজান মাসের পর ঢাকার বাইরে আরও অন্তত ৫০টি আসনে নাগরিক ঐক্য প্রার্থী ঘোষণা করবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।