ঢাকার ১৫ আসনে যাঁরা প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরে ১৫ আসনের ১৩টিতে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-৮ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া তিনটির বেশি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরে অন্য নেতারাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়া শেষে মহানগর রিটার্নিং কর্মকর্তা জানান, এই ১৫টি আসনে ৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এসব আসনে জাতীয় পার্টির ১৫ জন, জাতীয় পার্টির (জেপি) পাঁচ, জাসদের চার, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনএফ) তিন, ন্যাপের (ভাসানী) দুই, তরীকত ফেডারেশনের এক ও খেলাফত মজলিসের একজন মনোনয়নপত্র জমা দেন। তবে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা গতকাল পর্যন্ত জানা যায়নি।
ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দুজন সানজিদা খানম (দল মনোনীত) ও আওলাদ হোসেন এবং জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন।
ঢাকা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা, জেপির মনির হোসেন, তরীকত ফেডারেশনের আরজু শাহ সায়েদাবাদী, জাতীয় পার্টির দুজন তুহিনুর রহমান ও মীর আবদুস সবুর, ন্যাপ ভাসানীর আবদুর রশিদ।
ঢাকা-৬ আসনে আছেন আওয়ামী লীগের মিজানুর রহমান, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ন্যাপের (ভাসানী) আখতার হোসেন। আওয়ামী লীগের সাইদুর রহমান স্বতন্ত্র এবং নিয়ামুল হক মালিক নামের আরেকজন মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় পার্টির আফতাব গণি, জাতীয় পার্টির (জেপি) হারুন অর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াজউদ্দিন মনোনয়নপত্র জমা দেন। এ আসনে আওয়ামী লীগের নেতা হাজি সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা-৮ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মো. জহুরুল আলম ও জাতীয় পার্টির (জেপি) আবদুর রহিম মনোনয়নপত্র জমা দেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইসমাইল মাহমুদ ও মির্জা আবদুস সালাম।
ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, জাতীয় পার্টির দেলোয়ার হোসেন খান। স্বতন্ত্র হিসেবে রয়েছেন আবদুস সামাদ সুজন।
ঢাকা-১০ আসনে প্রার্থী হতে চান আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ও জাতীয় পার্টির মো. হেলাল উদ্দিন; ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের এ কে এম রহমত উল্লাহ ও জাতীয় পার্টির মো. হারুন উর রশিদ; ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল ও জাতীয় পার্টির দেওয়ান আলী।
ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক ও জাতীয় পার্টির শফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এখানে জাসদের নাদের চৌধুরীও প্রার্থী হতে চান বলে জানা গেছে।
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের আসলামুল হক, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় পার্টির (জেপি) এম এ কাইয়ুম ও জাসদের শিরীন আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা-১৫ আসনে রয়েছেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার ও জাসদের সাইফুল ইসলাম।
ঢাকা-১৬ আসনে প্রার্থী হতে চান আওয়ামী লীগের ইলিয়াছ উদ্দিন মোল্লা, জাতীয় পার্টির সুলতান আহমেদ, জেপির মফিজুল হক। আরও আছেন আমানত হোসেন, আমির হোসেন মোল্লা ও খালিদ হোসেন, সর্দার মোহাম্মদ মান্নান স্বতন্ত্র।
ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জেপির আবদুল লতিফ মল্লিক, খেলাফত মজলিসের মীর আজহার উদ্দিন, বিএনএফের আবুল কালাম আজাদ ও এম এ হান্নান মৃধা (সম্ভবত স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের সাহারা খাতুন ও জাতীয় পার্টির বাহাউদ্দিন আহম্মেদ, বিএনএফের আতিকুর রহমান ও জাসদের এস এম ইদ্রিস আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।