ঢাকার ১৭টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারসহ ঢাকার ১৭টি সাব-রেজিস্ট্রারের কার্যালয় ও একটি রেকর্ড কক্ষের এক্সট্রা মোহরাররা (নকলনবিশ) গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। প্রচলিত নিয়ম ভঙ্গ করে সাভার থানা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অফিস সহকারীর শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
নকলনবিশদের কর্মবিরতির কারণে গত মঙ্গলবার থেকে সাভার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল নিবন্ধনসহ জেলার ১৭টি সাব-রেজিস্ট্রারের কার্যালয় ও একটি রেকর্ড কক্ষে বালাম বই লেখা ও দলিলের নকল দেওয়া বন্ধ রয়েছে।
ঢাকা জেলা নকলনবিশ সমিতির কয়েকজন নেতা বলেন, অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত নকলনবিশরা সম্পাদিত দলিল বালাম বইয়ে তুলে বা দলিলের নকল লিখে পাতাপ্রতি ২৪ টাকা হারে পারিশ্রমিক পান। ১১ মাস ধরে তাঁদের সেই বিল দেওয়া হচ্ছে না। এ ছাড়া পদ শূন্য থাকলেও তাঁদের নিয়োগ না দিয়ে বাইরে থেকে নিয়োগ করা হচ্ছে। এসব কারণে তাঁরা এই কর্মবিরতি পালন করছেন। দ্বিতীয় দিনের মতো গতকাল তাঁরা কর্মবিরতি পালনসহ সাভার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।