ঢাকার ৩৫ ওয়ার্ডে ১০৮৫ জনের কমিটি দিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা (পূর্ব ও পশ্চিম), বাড্ডা ও তেজগাঁও অঞ্চলের ৩৫টি সাংগঠনিক ওয়ার্ডে কমিটি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়কের নেতৃত্বে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি করা হয়েছে। ঘোষিত ৩৫টি কমিটির মোট সদস্য ১ হাজার ৮৫ জন।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কমিটি ঘোষণা করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হক।

ঘোষিত কমিটিতে উত্তরা পশ্চিম অঞ্চলের উত্তরা পশ্চিম থানার ১ নম্বর ওয়ার্ডে আবুল হাসানাত, ৫১ নম্বর ওয়ার্ডে মনসুর আহমেদকে আহ্বায়ক করা হয়েছে। এই অঞ্চলের খিলক্ষেত থানার ১৭ নম্বর ওয়ার্ডে শওকত উল ইসলাম, ৪৩ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম ও ৪৮ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলমকে আহ্বায়ক করা হয়েছে। একই অঞ্চলে তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ডে মো. ইসকান্দার, ৫৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন ও ৫৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হয়েছেন চাঁদ মিয়া। এই অঞ্চলের বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডে আহ্বায়ক করা হয়েছে কাজী ইকবাল হোসেনকে।

উত্তরা পূর্ব অঞ্চলের উত্তরা পূর্ব থানার ১ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন সরকার, উত্তরখান এলাকার ৪৪ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন, ৪৫ নম্বর ওয়ার্ডে মো. রবিউল হক, ৪৬ নম্বর ওয়ার্ডে আনিসুল ইসলাম ভূঁইয়া, দক্ষিণখান এলাকার ৪৭ নম্বর ওয়ার্ডে সেলিম রেজা, ৪৮ নম্বর ওয়ার্ডে শাহজাহান আলী, ৪৯ নম্বর ওয়ার্ডে আলী হোসেন, ৫০ নম্বর ওয়ার্ডে মমিন উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে।

একইভাবে বাড্ডা অঞ্চলের ১১টি ওয়ার্ডের কমিটি দেওয়া হয়। তাতে বাড্ডা থানার ২১ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৩৭ নম্বরে ইমাজ উদ্দিন, ৩৮ নম্বরে আবদুল কাদের, ৪১ নম্বরে তমিজ উদ্দিন, ৪২ নম্বরে মাজহারুল হক, ৯৭ নম্বর ওয়ার্ডে (সাংগঠনিক ওয়ার্ড) আবুল হোসেনকে আহ্বায়ক করা হয়। এ ছাড়া এই অঞ্চলের ভাটারা থানার ১৭ নম্বর ওয়ার্ডে আবদুল আজিজ, ৩৯ নম্বর ওয়ার্ডে নবিয়ার হোসেন, ৪০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, রামপুরা থানার ২৩ নম্বর ওয়ার্ডে হানিফ উদ্দিন আহম্মেদ ও ৯৮ নম্বর ওয়ার্ডে (সাংগঠনিক ওয়ার্ড) সোহেল রানা আহ্বায়ক হয়েছেন।

তেজগাঁও অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে সাতটি ওয়ার্ডে কমিটি দিয়েছে বিএনপি। এর মধ্যে শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ডে আবদুর রহিম, ২৫ নম্বর ওয়ার্ডে জি এ নাজমুল হক এবং তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান, ২৬ নম্বরে ইকবাল হোসেন পাটোয়ারি, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডে বদরুদ্দোজা ইমরোজ, ৩৫ নম্বর ওয়ার্ডে শফিউদ্দিন শাহিন ও ৩৬ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিগুলোকে পূর্ণাঙ্গ ইউনিট কমিটি গঠন করে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পাঠাতে বলা হয়েছে। ওয়ার্ডের আহ্বায়ক এবং এক ও দুই নম্বর আহ্বায়কের স্বাক্ষরে ইউনিট কমিটি গঠন করতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনে প্রশাসনিক ওয়ার্ড ৫৪টি। এর বাইরে আরও ১০টি সাংগঠনিক ওয়ার্ড রয়েছে বিএনপির। ৩৫টি ওয়ার্ডে কমিটি দেওয়া হয়েছে। বাকি ওয়ার্ডেও শিগগির কমিটি দেওয়া হবে।