
বিশিষ্ট নগরবিদ ও সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, উপযুক্ত কর্মসংস্থান, সুচিকিৎসা, গুণগত শিক্ষাব্যবস্থাসহ নগরের সুবিধাগুলো গ্রামে নিয়ে যাওয়া উচিত। তাহলে ঢাকাসহ মহানগরে আসা মানুষের সংখ্যা কমানো সম্ভব হবে।
গতকাল মঙ্গলবার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সংস্থার মিলনায়তনে আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা, ২০১৫ উপলক্ষে এক অনুষ্ঠানে অধ্যাপক নজরুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আহ্বায়ক এ কে এম গোলাম রব্বানী ও বিচারপতি রেফাত আহমেদ। অনুষ্ঠানে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘নগরায়ণ এবং নগরের দরিদ্রতা: অসমতা, অধিকার এবং বঞ্চিতকরণ’ শীর্ষক বক্তৃতায় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সংবিধানের ১৫ ও ২০ ধারা জীবিকাকে একটি অধিকার হিসেবে নিশ্চিত করেছে। ৩৬ ধারা অনুসারে এ দেশের নাগরিকেরা স্বাধীনভাবে চলাফেরা করা এবং আইনগত সীমাবদ্ধতার মধ্যে যেকোনো স্থানে অবস্থান করার অধিকার রাখেন। এই স্বাধীনতাটি গরিবদের জন্যও প্রযোজ্য। সরকারি বা বেসরকারি জমিতে বিনা অনুমতিতে বসবাস করা অনুচিত হলেও গ্রাম থেকে আসা গরিবেরা এ কাজটি করতে বাধ্য হয়।
নজরুল ইসলাম বলেন, ঢাকা শহরে মোট জনসংখ্যার ৩৫ শতাংশ বস্তিতে বসবাস করে। যদিও সরকারি হিসাবে এই সংখ্যা আট লাখ। অথচ শুধু কড়াইল বস্তির ৭৪ একর জমিতে এক লাখ মানুষ বসবাস করে। তিনি জাতীয় আবাসন নীতিমালা এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার অসন্তোষ প্রকাশ করেন।
নজরুল ইসলাম বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেখা যায়, নগরের গরিবেরা গ্রামের গরিবদের চেয়ে শিক্ষার দিক থেকে পিছিয়ে। বস্তিগুলোতে স্বাস্থ্যসেবা বেড়েছে, কিন্তু পর্যাপ্ত পয়োনিষ্কাশন ও অন্যান্য পরিবেশগত সমস্যার জন্য রোগ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।
নগর এবং গ্রামে জনসংখ্যার চিত্র তুলে ধরে অধ্যাপক নজরুল বলেন, ১৯৭৪ সালে নগরে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ৩ দশমিক ৬ মিলিয়ন। গ্রামে ছিল ১৭ মিলিয়ন। ২০০১ সালে নগর এবং গ্রামে এই সংখ্যা ছিল সমান, অর্থাৎ ৬.২ মিলিয়ন। সবশেষ ২০১১ সালে নগরে বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ১ মিলিয়ন এবং গ্রামে ১২ দশমিক ৫ মিলিয়ন।
নজরুল ইসলাম বলেন, কৃষিকাজের বাইরের কাজগুলো বাড়ার সঙ্গে সঙ্গে নগরায়ণও বাড়ছে। এর কারণ এ কাজগুলো শুধু ঢাকা, চট্টগ্রামের মতো মহানগরগুলোতে। এশীয় উন্নয়ন ব্যাংকের একটি গবেষণা তথ্য উল্লেখ করে অধ্যাপক নজরুল বলেন, বাংলাদেশের জিডিপির জন্য নগর ক্ষেত্র ৬৫ শতাংশ দায়ী।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে মানবাধিকারকর্মী হামিদা হোসেন বস্তি নিয়ে মামলাগুলোর অবস্থা জানতে চাইলে অধ্যাপক নজরুল বলেন, হাইকোর্টের নির্দেশ আছে, পুনর্বাসন ছাড়া বস্তিবাসীদের উৎখাত করা যাবে না। কিন্তু তা হয় না।