ঢাকাসহ ছয় শহরে আলপনা উৎসব
রাজপথে দৈর্ঘ্যে-প্রস্থে তাক লাগিয়ে দেওয়ার মতো বিশাল আলপনা আঁকার সুযোগ এসেছে আবার। বাংলা নববর্ষ সামনে রেখে ঢাকাসহ দেশের ছয়টি প্রধান শহরে ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাত থেকে অনুষ্ঠিত হবে এই আলপনা উৎসব। এতে আঁকিয়েরা তো অংশ নেবেনই, যাঁরা আঁকতে পারেন না, তাঁদের জন্যও এই উৎসব উন্মুক্ত থাকবে।
ওই দিন ঐতিহ্যবাহী আলপনার রঙে রঙিন হয়ে উঠবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রামের ডিসি হিল এলাকা, রাজশাহীর পদ্মাপাড়, খুলনার শিববাড়ি চত্বর, বরিশালের বঙ্গবন্ধু পার্ক সড়ক ও ময়মনসিংহের টাউন হল চত্বর।
উৎসবের শিরোনাম ‘বাংলালিংক আলপনায় বাংলাদেশ, পাওয়ার্ড বাই বার্জার পেইন্টস’। বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুরু হয়ে এ উৎসব চলবে শুক্রবার সকাল পর্যন্ত।
গত সোমবার রাজধানীর গুলশানে উৎসবের আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। উৎসবের আয়োজক এশিয়াটিক ইএক্সপি। এর প্রধান ও সহযোগী পৃষ্ঠপোষক যথাক্রমে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং বার্জার পেইন্টস লিমিটেড।
সংবাদ সম্মেলনে বলা হয়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিত থাকার কথা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব করপোরেট কমিউনিকেশনস আসিফ আহমেদ, হেড অব মার্কেটিং কমিউনিকেশনস এ কে রাহাত আহমেদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (মার্কেটিং) এ কে এম সাদেক নাওয়াজ, এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ এক্সিকিউটিভ সারা যাকের এবং চিত্রশিল্পী মো. মুনিরুজ্জামান। বিজ্ঞপ্তি