ঢাকাসহ তিন জায়গায় লেখাজোকা কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরলিক্স ও কিশোর আলোর আয়োজনে গতকাল বুধবার তিন জায়গায় লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকায় সানবিমস, খুলনায় সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয় ও বরিশালে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকায় সানবিমস কর্মশালাটি পরিচালনা করেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সানবিমসের বাংলা বিভাগের প্রধান মিসেস লীনা কবির।
বরিশাল নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন। এ সময় সহকারী শিক্ষক নাজমা বেগম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান।
শিক্ষার্থীদের স্বপ্নের গল্প লেখার বহুমাত্রিক দিক ও কৌশল সম্পর্কে কথা বলেন কবি ও গল্প লেখক পার্থ সারথি। রেখা দিয়ে বৈচিত্র্যময় আঁকার সহজপাঠ সম্পর্কে প্রাণবন্ত আলোচনা করেন আঁকিয়ে অভিষেক রবিন। একপর্যায়ে কিশোর আলো মার্চ সংখ্যায় দশম শ্রেণীর শিক্ষার্থী সুচরিতা হালদারের লেখা ‘আমার বাবা মস্ত ক্রিকেটার’ গল্পটি পাঠ করে শোনানো হয়। কর্মশালার ফাঁকে বিভিন্ন প্রশ্নের সুন্দর উত্তর দেওয়ার জন্য ১০ শিক্ষার্থীকে দেওয়া হয় কিশোর আলো উপহার।
খুলনায় লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত হয় নগরের সরকারি করোনেশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ।
কর্মশালায় গল্পের ছলে লেখা ও আঁকার বিভিন্ন কৌশল প্রশিক্ষণ দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রভাষক মো. তরিকত ইসলাম এবং লেখক ও সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আতিক-উজ-জামান।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর খুলনা প্রতিনিধি সুমন্ত চক্রবর্ত্তী। সঞ্চালনা করেন খুলনা বন্ধুসভার সভাপতি হেলেনা আক্তার। কর্মশালায় কুইজের সঠিক উত্তরদাতা ১০ শিক্ষার্থীকে কিশোর আলো উপহার দেওয়া হয়।