কালও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের আবার কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়‍, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ইয়াহু ও গুগলের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, এসব স্থানে আজ শনিবার রাতে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশেরও বেশি। আর রোববার বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ১০২ মিলিমিটার। এ ছাড়া কুতুবদিয়ায় ৯৬, চট্টগ্রামে ৭২ এবং ঢাকায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এই অধিদপ্তরের দেওয়া আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিশেষ করে উত্তরাংশের ওপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র এ বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।