ঢাকা, চট্টগ্রাম, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ ও বগুড়ায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। নেত্রকোনার মদন উপজেলায় ডাকা হয়েছে আজ আধা বেলা হরতাল। রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলায় হরতাল ডাকা হয়েছে আগামীকাল সোমবার।
মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে আজ রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর বিএনপি।
চট্টগ্রাম, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবীবুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং অন্যান্য দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।
বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল করার প্রতিবাদে আজ বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বগুড়া জেলা বিএনপি।
তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে আজ ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডেকেছে নেত্রকোনার মদন উপজেলা বিএনপি।
রংপুর বিভাগের আট জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় কাল হরতাল পালিত হবে। রংপুর নগরের পায়রা চত্বরে গতকাল দুপুরে মিছিল-পরবর্তী এক সমাবেশে এ ঘোষণা দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজ-উন-নবী।
রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান জানান, মহানগর ছাত্রদল রাজশাহী বিভাগের আট জেলা রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও বগুড়ায় সোমবার হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মহানগর বিএনপি কার্যালয়ে ছাত্রদলের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ঢিলেঢালা হরতাল পালন: ফরিদপুরের নগরকান্দায় ১৮ দলের ডাকা ২৪ ঘণ্টা হরতালের প্রথম ১২ ঘণ্টা গতকাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। অটোবাইক, রিকশা, ভ্যান চলেছে। প্রায় সব দোকান ছিল খোলা। নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ হোসেনের হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
এদিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ডাকা আধা বেলা হরতালেও তেমন সাড়া মেলেনি। হরতালের সমর্থনে গতকাল সকালে পূর্বধলা বাজারে একটি ঝটিকা মিছিল বের হলেও পরে আর কাউকে মাঠে দেখা যায়নি। নরসিংদীর হরতাল পরিস্থিতিও ছিল স্বাভাবিক।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।