একমাত্র সিলেট ছাড়া দেশের অন্য পাঁচটি বিভাগেই গত মার্চ মাসের খরা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। বৃষ্টির দেখা নেই। কালবোশেখিও নেই। সর্বত্র দুঃসহ গরম। গতকাল বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি। বছরের এই সময় এ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড না হলেও বৃষ্টি না থাকায় মানুষ ও অন্যান্য প্রাণীদেহে গরমের অনুভূতি প্রকট হয়ে উঠেছে। দেখা দিচ্ছে অসুস্থতা। দুঃসহ গরমে বেশি সমস্যা হচ্ছে শ্রমজীবী মানুষের। আবহাওয়া অধিদপ্তরের সূত্রগুলো জানায়, আজ বৃহস্পতিবার এবং আগামীকালও একই রকম পরিস্থিতি থাকতে পারে। অবশ্য আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে আবহাওয়ার বিরূপতা কমবে। সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে তিন-চার দিন মাঝারি থেকে তীব্র কালবোশেখি কিংবা বজ্রসহ ঝড় এবং দেশের অন্যত্র চার-পাঁচ দিন হালকা থেকে মাঝারি মাত্রার কালবোশেখি কিংবা বজ্রসহ ঝড় হতে পারে। তবে মাসের প্রথম সপ্তাহ চলে গেলেও এসবের দেখা নেই।পূর্বাভাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি-দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার যে কথা বলা হয়েছিল, তা ঠিকই বইছে। রাজশাহী অঞ্চলে তীব্র ও ঢাকায় মাঝারি মাত্রার তাপপ্রবাহ চলছে। এই অবস্থার আপাত অবসানের কোনো পূর্বাভাস নেই।