ঢাকাসহ বিভিন্ন স্থানে আটক ১৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৩৪ জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মী। অবশ্য তাঁদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীই বেশি।
দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন থেকে এই অভিযান চললেও রাজধানীতে শুরু হয়েছে বুধবার রাতে। ঢাকা ও ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীতে বিশেষ অভিযানে নামে। যাত্রাবাড়ী ও কদমতলী এলাকা দিয়ে অভিযান শুরু হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৫ জনকে আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অনির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম জানান, ৩১ ডিসেম্বরের বর্ষবরণের রাত ও ৫ জানুয়ারির সংসদ নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এ অভিযানে সেনাবাহিনী নেই।
নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
জয়পুরহাটে বুধবার রাতে যৌথ বাহিনী ১৫ জনকে আটক করে। এর মধ্যে পাঁচবিবি উপজেলা থেকে চারজন, সদরে পাঁচজন, আক্কেলপুরে চারজন এবং কালাইয়ে দুজন। পুলিশ বলেছে, আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের সমর্থক এবং নাশকতায় জড়িত।
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় জামায়াত-শিবিরের তিনজনকে গ্রেপ্তার এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ডোমার উপজেলা যুবদলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়।
সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ, মোহনপুর ও বাঐতারা থেকে যৌথ বাহিনী গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বুধবার রাতে বিএনপি-জামায়াতের তিন নেতা-কর্মীসহ নয়জনকে আটক করে যৌথ বাহিনী।
নরসিংদীর রায়পুরায় নাশকতার অভিযোগে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ তিনজন এবং মনোহরদী থেকে তিনজনকে আটক করা হয়।
মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া থেকে গতকাল সকালে উপজেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক আবদুল মান্নান ও উপজেলা যুবদলের সভাপতি মুন্সী মনিরুজ্জামানকে আটক করা হয়। বুধবার রাতে উপজেলার তালখড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওহিদুজ্জামানকে পুলিশ আটক করে।
বাগেরহাট পৌর শাখা জামায়াতের সেক্রেটারি মোস্তাইন বিল্লাহকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। ১৫ ডিসেম্বর বাগেরহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় তিনি আসামি।
ফেনী সদর, পরশুরাম ও সোনাগাজী উপজেলায় বুধবার রাতে যৌথ বাহিনী বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করে।
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজার থেকে সকালে পুলিশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ মো. শিব্বিরকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
চাঁদপুরের বিভিন্ন উপজেলায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ১৮-দলীয় জোটের ১৭ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে চাঁদপুর সদরে একজন, ফরিদগঞ্জে তিনজন, মতলব উত্তরে দুজন, মতলব দক্ষিণে একজন, শাহরাস্তিতে ছয়জন, হাজীগঞ্জে দুজন, কচুয়ায় একজন ও হাইমচরে একজন রয়েছেন।
নোয়াখালীতে বুধবার রাতে যৌথ বাহিনী বিএনপি ও জামায়াত-শিবিরের আটজন কর্মী-সমর্থককে আটক করে।
পটুয়াখালীর দশমিনা উপজেলা জামায়াতের আমির ওয়াজিউল্লাহ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হককে সকালে আটক করে পুলিশ। বুধবার রাতে মির্জাগঞ্জ উপজেলা থেকে আটক করা হয় বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মীকে।
সাতক্ষীরায় যৌথ বাহিনী আটক করে দুজনকে। এর মধ্যে কালীগঞ্জে গাছা কাটা ও নাশকতার অভিযোগে রঞ্জু রশিদ নামের একজনকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নড়াইলে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গতকাল জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জাকারিয়া মাহমুদসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ছয়জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।