ঢাকাসহ বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে ঢাকার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে দাবি করা হয়, গতকাল সকালে রাজধানীর শাহবাগে ও বিজয়নগর এলাকায় ছাত্রদল মিছিল করে। কাছাকাছি সময়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ প্রাঙ্গণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ, তিতুমীর কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল।
রাজধানীর রাসেল স্কয়ার, ধোলাইখাল, নর্দ্দা বাসস্ট্যান্ড, পুরান ঢাকার আরমানিটোলা, শাহজাহানপুর চৌরাস্তা, মালিবাগ-মৌচাক, কামরাঙ্গীরচর, ওয়ারী, বাসাবোর বৌদ্ধমন্দির, যাত্রাবাড়ী চৌরাস্তা, বাড্ডায় মিছিল হয়েছে বলে ছাত্রদল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ঢাকার বাইরে সিলেট জেলা ও মহানগর, চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর, কক্সবাজার, কুমিল্লা দক্ষিণ, ফেনী, চাঁদপুর, সিরাজগঞ্জ, বরিশাল, বগুড়া, খাগড়াছড়ি, খুলনা, পাবনা, নওগাঁ, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা ও মহানগরে মিছিল বের করা হয়।