ঢাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়ার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কোথাও কোথাও সড়ক অবরোধ করা হয়েছে।আন্দোলনকারী শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেছেন, এর মধ্যে দাবি পূরণ না করা হলে আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে জানান, এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গতবারের নিয়মেই শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়ার চিন্তাভাবনা চলছে।

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল পদ্ধতির ভুক্তভোগী শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি সংগঠনের ব্যানারে ঢাকার বিভিন্ন কলেজের বেশ কিছু শিক্ষার্থী বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। এতে রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। ফলে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বক্তব্য দেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার কারণেই ফল বিপর্যয় হয়েছে। প্রায় অর্ধেক শিক্ষার্থীই দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ পাননি (নট প্রমোটেড)। তাই সবাইকে দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সূত্রমতে, গ্রেড পদ্ধতিতে সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় ৪৬ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। পাস করেছেন মাত্র ৫৪ শতাংশ। ফলে দ্বিতীয় বর্ষে উঠতে পারছেন না প্রায় অর্ধেক শিক্ষার্থী। এ জন্য দেশের বিভিন্ন কলেজের ফেল করা শিক্ষার্থীরা কয়েক দিন ধরে দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়ার জন্য বিক্ষোভ করছেন। গতবার গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশিত হলেও প্রথমবার হওয়ায় এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদেরও দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল।

প্রথম আলোর আঞ্চলিক অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, গতকালও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে।

নেত্রকোনা সরকারি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী বেলা ১১টায় জেলা শহরের তেরিবাজার মোড়ে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁরা বিক্ষোভ করেন।

জয়পুরহাট সরকারি কলেজের বিপুলসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনে প্রধান সড়কে মানববন্ধন করেন। তাঁরা দুপুর পৌনে ১২টায় পাঁচ মিনিট প্রধান রাস্তায় বসে সড়ক অবরোধ করেন। রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেন। লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। নাটোর এন এস সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রথমে কলেজ চত্বরে মানববন্ধন করেন। পরে দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত নাটোর-রাজশাহী সড়ক অবরোধ করে সমাবেশ করেন তাঁরা। সিলেটে দুই শতাধিক শিক্ষার্থী নগরের টিলাগড় এলাকায় এমসি কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছেন। বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখেন। এছাড়া নোয়াখালী সরকারি কলেজ ও ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।