ঢাকাসহ সারা দেশে আবার লোডশেডিং বেড়েছে
ঢাকাসহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। গতকাল মঙ্গলবার দিনের বেলায় ঢাকায় এলাকাভেদে তিন থেকে চারবার বিদ্যুতের আসা-যাওয়া চলেছে। সন্ধ্যার পর থেকে রাত ১২টার মধ্যে লোডশেডিং হয়েছে আরও অন্তত দুবার।চট্টগ্রাম, খুলনা, বগুড়া, দিনাজপুর ও বরিশালে ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। গত সোমবারও এসব এলাকায় লোডশেডিং ছিল ব্যাপক।লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও বেড়েছে। অনেক এলাকা থেকে গ্রাহকেরা অভিযোগ করেন, কয়েক মিনিট পর পর বিদ্যুৎ যাওয়া-আসা করে। কোনো কোনো এলাকায় একটানা তিন-চার ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগও পাওয়া গেছে। এগুলো লোডশেডিং নয়, সরবরাহব্যবস্থার নানা ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট।সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করার জন্য বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ কমিয়ে দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। ফলে লোডশেডিং বেড়েছে বলে সরকারি সূত্রগুলো জানায়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস দেওয়া হয়েছে সর্বোচ্চ প্রায় ১০০ কোটি ঘনফুট। সেখানে গত রোববার বিদ্যুৎ উৎপাদনে গ্যাস দেওয়া হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ (৮৩৩ মিলিয়ন) ঘনফুট। সোমবার দেওয়া হয়েছে ৮৬ কোটি ৭০ লাখ ঘনফুট।গ্যাস সরবরাহ বেশি করায় রমজান মাসে প্রতিদিনই প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। লোডশেডিং হয়েছে প্রতি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ দুবারে দুই ঘণ্টা। কিন্তু সোমবার বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান ছিল ৬০০ মেগাওয়াটের বেশি। পিডিবির হিসাবে গতকাল ব্যবধান ৮০০ মেগাওয়াটে ওঠে।তবে পিডিবির এই হিসাবেও কিছু গরমিল আছে। পিডিবি গতকাল সর্বোচ্চ চাহিদা ধরেছে ছয় হাজার ৫০০ মেগাওয়াট। আর সম্ভাব্য উৎপাদন ধরেছিল পাঁচ হাজার ৫৬৬ মেগাওয়াট। কিন্তু প্রকৃতপক্ষে চাহিদা এখন সাত হাজার মেগাওয়াটের কাছাকাছি। আর উৎপাদন যা করা হয় তার প্রায় ১০ শতাংশ ব্যবহূত হয় বিদ্যুৎকেন্দ্রগুলোতেই (অক্সিলারি)।১৯ আগস্ট বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও লোডশেডিং বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। অবশ্য তিনি ওই কথা বলেছেন দেশবাসী যাতে অতীতের অসহনীয় লোডশেডিং ভুলে না যায় এবং তাঁর সরকারের শাসনামলে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার কথা যাতে মনে করে।বর্তমান সরকারের প্রায় সাড়ে চার বছরের শাসনামলে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট। গ্যাসের উৎপাদন ক্ষমতা বেড়েছে প্রায় ৬০ কোটি ঘনফুট। কিন্তু সরকার বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর একক নির্ভরতা কাটাতে ‘জ্বালানি বহুমুখীকরণ’ বা মিশ্র জ্বালানি ব্যবহারের (এনার্জি মিক্স) যে উদ্যোগ নিয়েছিল, তা বাস্তবায়নের ধারেকাছে যেতে পারেনি।ফলে বর্তমান সরকারের প্রথম বছরেও যেমন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে হলে সার কারখানা বন্ধ রাখতে হতো, এখনো তেমনি করতে হচ্ছে। একইভাবে সার কারখানাগুলো চালু রাখতে হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।