ঢাকায় অনুমোদন পেল আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে নতুন এই বিশ্ববিদ্যালয়টি হবে রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেক্টরে। এর প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এম আর খান।
শিক্ষা মন্ত্রণালয় নতুন এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় কয়েক দিন আগে। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৯২। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। কিছুদিন আগে ছয়টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার উদ্যোগ চলছে।
যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই, সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার নীতি নিয়েছিল সরকার। এ ছাড়া ঢাকায় যেখানে প্রায় ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে নতুন কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন না করতে শিক্ষাবিদেরা অনুরোধ জানিয়েছিলেন শিক্ষামন্ত্রীকে। কিন্তু এ নীতির পুরোপুরি প্রয়োগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ শিক্ষাবিদদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকায় নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া উচিত নয়। এ বিষয়ে অবশ্যই নিরুৎসাহিত করা উচিত। কারণ, পৃথিবীর আর কোনো শহরে এত বিশ্ববিদ্যালয় আছে কি না সন্দেহ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, বিশেষায়িত হওয়ায় ঢাকায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে আরও কতগুলো প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে, এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এটি চলমান প্রক্রিয়া।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, নতুন বিশ্ববিদ্যালয়টিকে ২৪টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন, কমপক্ষে তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্রছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো থাকতে হবে।