ঢাকায় অনুষ্ঠিত হলো প্রতীকী নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ঢাকায় গতকাল বুধবার প্রতীকী নির্বাচন হয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস রাজধানীর একটি হোটেলে এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এতে শামিল হন।প্রতীকী এ নির্বাচন অনুষ্ঠান ভোর ছয়টায় শুরু হয়ে চলে সকাল ১০টা পর্যন্ত। প্রতীকী ভোট গ্রহণ অনুষ্ঠানে মার্কিন দূতাবাস এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ছাড়াও আমন্ত্রিত ব্যক্তিরা ভোট দেন। প্রতীকী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা বড় ব্যবধানে জয়ী হন। ওবামা পান ২৭৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পান ১৩ ভোট।সকাল ১০টায় এ ফলাফল ঘোষণা করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।অনুষ্ঠানের শুরুতে ঢাকার আমেরিকান সেন্টারের পরিচালক ভিরাজ এম লিবেইলি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচন পদ্ধতি নিয়ে বক্তব্য দেন।রাষ্ট্রদূত ড্যান মজীনা এই অনুষ্ঠানকে কাউকে বেছে নেওয়ার ও মতামত প্রকাশের স্বাধীনতা এবং জাতীয় দিকনির্দেশনায় অংশ নেওয়ার স্বাধীনতা হিসেবে বর্ণনা করেন।অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ভোর ছয়টা থেকে উপস্থিত হতে শুরু করেন। সরকার ও বিরোধী দলের নেতাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গল্পগুজব করতে দেখা যায়।বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সরকারদলীয় চিফ হুইপ আব্দুস শহীদ, বিএনপির নেতা মওদুদ আহমদ, আবদুল মঈন খান ও ওসমান ফারুক, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, নির্বাচন পর্যবেক্ষণের জন্য সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ইনডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল ও সাংবাদিক শফিক রেহমান উপস্থিত ছিলেন।