ঢাকায় অপহূত, গোয়ালন্দে উদ্ধার, আটক ২
ঢাকা থেকে অপহূত রেজাউল রহমান নামের এক ব্যক্তিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ডাকাত পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা ও ঢাকার চকবাজার মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার রাতে তাঁকে উদ্ধার করেছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে। তাঁরা হচ্ছেন উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের আলম বেপারী ও একই গ্রামের হযরত আলী। পুলিশ জানায়, ঢাকার চক বাজার মডেল থানার তাতখানা লেনের বাসিন্দা রেজাউল রহমান (৫০) গত ১৭ জানুয়ারী থেকে নিখোঁজ ছিলেন। দুইদিন পর অপহরণকারীরা মুঠোফোনে রেজাউলের মুক্তির জন্য ১০লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে মুঠোফোনের সূত্র ধরে সোমবার চক বাজার মডেল থানা ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অপহরণকারী দলের সদস্য আলম বেপারীকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে আটক করেন। তাঁর স্বীকারোক্তি মতে ওইদিন সন্ধ্যার পর দৌলতদিয়ার মনোরমা সিনেমা হলের সামনে থেকে হযরত আলীকে আটক করে পুলিশ। অপহরণকারী চক্রের মূল হোতা দেবগ্রাম ইউনিয়নের ফজলু মোল্যা ও তাঁর দুই সহযোগি রাত নয়টার দিকে ডাকাতাপাড়া এলাকার একটি মাঠে হাত, পা বাধা অবস্থায় রেজাউলকে ফেলে পালিয়ে যায়। পুলিশ পরে ওই মাঠ থেকে তাঁকে উদ্ধার করে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, যেহেতু ভুক্তভোগী ও অপহরণের বিষয়টি ঢাকার তাই মামলাটি ঢাকায় হবে।