ঢাকায় অপহূত ব্যবসায়ী ফরিদপুরে উদ্ধার
ঢাকার পোস্তগোলা থেকে অপহূত কাপড় ব্যবসায়ী বারেক মোল্লাকে (৪০) ফরিদপুরের নগরকান্দা থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রাম থেকে গ্রামবাসী তাঁকে উদ্ধার করেন। বারেক মোল্লা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বেজগাঁও গ্রামের বাসিন্দা।কাইচাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আইউব আলী জানান, গত শনিবার রাত আটটার দিকে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে ঢাকা থেকে শ্রীনগরে আসার পথে ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় মাইক্রোবাসের যাত্রীবেশী পাঁচ-ছয়জন বারেককে চোখ-মুখ ও হাত-পা বেঁধে অপহরণ করে। পরে তাঁকে নগরকান্দার দক্ষিণকান্দি গ্রামের অহেদ তালুকদারের বাড়িতে এনে রাখা হয়। অপহরণকারী দলের নেতা কাউসার বারেকের মুঠোফোন থেকে তাঁর স্ত্রী রুমা বেগমের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় বারেককে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিন দিন ওই বাড়িতে আটক থাকার পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে বারেক মোল্লা কৌশলে ঘরের বাইরে এসে চিৎকার দিলে গ্রামের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গতকাল মঙ্গলবার সকালে বারেককে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণের ঘটনাস্থল ঢাকার শ্যামপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বারেক মোল্লা।