ঢাকায় অপহূত ব্যবসায়ী মাদারগঞ্জে উদ্ধার, আটক ৫
ঢাকা থেকে অপহূত ব্যবসায়ী রিপন হাওলাদারকে গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ওবায়দুর রহমান, ইকবাল হোসেন (জুনিয়র), আসিফ মিয়া, বাবু মিয়া ও আমীর। তাঁরা সবাই মাদারগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। আটকের পরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
অপহূত রিপন হাওলাদার ভোলার মনপুরা উপজেলায় ব্যবসা করতেন। ঢাকায় বেড়াতে এলে ওবায়দুর রহমানের এক বন্ধু বেড়ানোর কথা বলে গত বুধবার রিপনকে মাদারগঞ্জে আনেন। এরপর তাঁকে পৌর এলাকার একটি ঘরে আটকে রাখেন। পরে মুঠোফোনে রিপন হাওলাদারের বোন মনপুরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন হাওলাদারের কাছে মুক্তিপণ চাওয়া হয়।
পারভীন হাওলাদার মুঠোফোনে প্রথম আলোকে জানান, বুধবার রাতে বিকাশের মাধ্যমে মুক্তিপণের ৩৫ হাজার টাকা পাঠানোর পর অপহরণকারীরা আরও টাকা চায়। এ সময় তিনি মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়ালকে ঘটনা জানান এবং তাঁর পরামর্শে আবারও বিকাশের মাধ্যমে এক হাজার টাকা পাঠান।
ওসি আবদুল আউয়াল জানান, বিকাশে দ্বিতীয়বার পাঠানো টাকা ওঠাতে গেলে গতকাল বেলা সোয়া দুইটার দিকে পুলিশ বালিজুড়ী এফ এম উচ্চবিদ্যালয়ের মোড় থেকে আসিফ ও আমির নামের দুই অপহরণকারীকে আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ পৌর এলাকার ব্র্যাক অফিসের কাছে একটি বাড়ি থেকে রিপন হাওলাদারকে উদ্ধার করে। এ সময় ওই বাড়ি থেকে আরও তিন অপহরণকারীকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপারের নির্দেশে ব্যবসায়ীসহ ওই পাঁচজনকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে জামালপুরে মামলা দায়ের করা হবে।