ঢাকায় অপহূত যুবদল নেতার লাশ লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম ওরফে সোলায়মানের (৪২) গুলিবিদ্ধ লাশ আজ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ঢাকায় অপহূত হন তিনি।
সোলায়মান সদর উপজেলার রামপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। নিহত ব্যক্তির স্ত্রী সালমা ইসলাম অভিযোগ করেন, তাঁর স্বামীকে র্যাব গুলি করে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের স্লুইজ গেটের পাশে দুই-তিনটি গুলির শব্দ শোনা যায়। আজ ভোরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে সোলায়মানের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা দাসেরহাট পুলিশ ফাঁড়িতে খবর দেন।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, গুলি করে সোলায়মানকে হত্যা করা হয়েছে। আজ সকাল সাড়ে সাতটার দিকে তাঁর লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লক্ষ্মীপুর, বেগমগঞ্জ ও সুধারাম থানায় সোলায়মানের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
পরিবারের দাবি, সোলায়মানকে গত বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরার জয়নাল মার্কেট এলাকা থেকে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন লোক তাঁকে নিয়ে যান। এ ব্যাপারে গতকাল দুপুরে তাঁর স্ত্রী সালমা ইসলাম বাদী হয়ে উত্তরা থানায় একটি জিডি করেছেন।
সোলায়মানের স্ত্রী সালমা ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের চিকিত্সক মিজানের চেম্বারে চিকিত্সা শেষে রিকশায় করে যাচ্ছিলেন সোলায়মান। জয়নাল মার্কেট এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আট-নয়জনের সাদাপোশাকধারী লোক তাঁকে মারধর করে অস্ত্রের মুখে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। এরপর উত্তরা র্যাব-১ ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে যোগাযোগ করে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সোলায়মানকে জীবিত উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন তাঁর স্ত্রী সালমা।