ঢাকায় অপহূত ২ সহোদর কসবায় উদ্ধার, আটক ২
ঢাকার হাজারীবাগ থেকে অপহূত তানভীর মিয়া (৭) ও সাব্বির মিয়া (৫) নামের দুই সহোদরকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি এলাকা থেকে গত সোমবার গভীর রাতে উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে ঢাকার হাজারীবাগ থানা পুলিশ দুই শিশু ও আটক দুই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার দুপুরে হাজারীবাগ থানায় নিয়ে যায়।আটক হওয়া ব্যক্তিরা হলেন, ঢাকার হাজারীবাগের ৫৩/২ সনাতন বউবাজার এলাকার গিয়াস উদ্দিন (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি গ্রামের সবুজ মিয়া (২৩)। কসবা থানা পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, আটক হওয়া গিয়াস উদ্দিন দুই শিশুকে অপহরণ করে সবুজের সঙ্গে আলোচনা করে ব্রাহ্মণবাড়িয়া হয়ে কসবার কুটি এলাকায় আসেন সোমবার রাতে। শিশু দুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে দুই শিশুসহ গিয়াস উদ্দিনকে আটক করে কসবা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে গিয়াস উদ্দিনকে আটক করে। গিয়াস উদ্দিনের দেওয়া তথ্য অনুসারে, স্থানীয় সবুজ মিয়াকেও আটক করে পুলিশ। অপহূতের পরিবার ও হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাজারীবাগের সনাতন বউবাজার এলাকার মোস্তফা মিয়ার ছেলে মো. তানভীর মিয়া ও মো. সাব্বির মিয়া সোমবার সকালে বাসার পাশে খেলা করছিল। এ সময় পাশের বাসার গিয়াস উদ্দিন মামা সম্বোধন করে কিছু কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে অপহরণ করে। এ ঘটনায় শিশু দুটির বাবা মোস্তফা মিয়া গিয়াস উদ্দিন ও অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে ঢাকার হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের মামলা রুজু করেন। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই দুজন অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তাঁদের মুঠোফোনের সিম তুলে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।