ঢাকায় অপহৃত শিশু ঈশ্বরদীতে উদ্ধার চাচা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থেকে এক শিশুকে অপহরণের দুই দিন পর পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা গত শনিবার রাতে সদরের বাইপাস রেলস্টেশন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেন।

এ সময় পুলিশ অপহরণকারী সন্দেহে শিশুটির সৎচাচা মনিরুল ইসলামকে (৩২) আটক করেছে। তাঁর বাড়ি ঈশ্বরদীর মৌবাড়িয়া গ্রামে। উদ্ধার হওয়া শিশুর নাম সালমান হোসেন (৫)। সে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রফিকুল ইসলাম বলেন, কাজের সুবাদে তিনি পরিবার নিয়ে আশুলিয়ার ধলপুর মহল্লায় থাকেন। আটক মনিরুল ইসলাম তাঁর সৎভাই। কয়েক দিন আগে মনিরুল তাঁর বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার সকালে মনিরুল সালমানকে নিয়ে বেড়াতে বের হন। এরপর আর ফিরে আসেননি। বিকেলে মনিরুল মুঠোফোনে সালমানকে অপহরণের কথা জানিয়ে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন শুক্রবার সকালে তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র‌্যাব-১ উত্তর ক্যাম্পকে বিষয়টি জানান।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, র‌্যাব-১ থেকে বিষয়টি র‌্যাব-১২কে জানানো হয়। এরপর তারা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।