ঢাকায় অপহৃত স্কুলছাত্রী গোয়ালন্দে উদ্ধার
ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে একটি মাইক্রোবাসে করে শরীয়তপুর নেওয়া হচ্ছিল। গতকাল সোমবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে তাকে উদ্ধার করা হয়। তা ছাড়া অপহরণকাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ ও অপহরণে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
ঢাকার শ্যামলী এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে (১৪) জোর করে ওই মাইক্রোবাসে তোলা হয়। ছাত্রীর বাড়ি গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার একটি গ্রামে।
আটক ব্যক্তিরা হলেন ওই হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী আনোয়ার হোসেন (৩০), জাহাঙ্গীর হোসেন (৩৮) ও সিরাজুল ইসলাম (৩১) এবং মাইক্রোবাসের চালক আরিফ হোসেন (২১)। আনোয়ারের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার নরবালাখানা গ্রামে। জাহাঙ্গীর ও সিরাজুলের বাড়ি একই উপজেলার দাখানা গ্রামে। আরিফের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তালতলা মিয়াপুর গ্রামে।
উদ্ধার হওয়া ছাত্রী প্রথম আলোকে বলে, তার বাবা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় বালুর ব্যবসা করেন। সেখানে ভাড়া বাসায় সপরিবার থাকেন। প্রায় এক বছর আগে তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হলে তাঁকে শ্যামলীর ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন হাসপাতালে থাকায় মা-বাবার সঙ্গে কর্মচারী আনোয়ার হোসেনের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে আনোয়ার ওই ছাত্রীর মাকে মা বলে ডাকা শুরু করেন। কিছুদিন আগে আনোয়ার ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠান। এই প্রস্তাব পরিবারের লোকজন প্রত্যাখ্যান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার আনোয়ার বিষ পান করেন। পরে তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। খবর পেয়ে গত রোববার সন্ধ্যায় মায়ের সঙ্গে ছাত্রী হাসপাতালে যায়। রাতে হাসপাতালেই থাকে। কিন্তু গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ছাত্রীকে হাসপাতালের চতুর্থ তলা থেকে নিচতলায় ঘুরে আসার কথা বলে নামিয়ে আনা নয়। পরে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তোলা হয়। সকাল নয়টার দিকে পাটুরিয়া থেকে ফেরিতে নদী পাড়ি দেওয়ার জন্য উঠলে ছাত্রী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া দিলে সে চিৎকার দেয়। এতে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ওই চারজনকে আটক করে। পরে দৌলতদিয়া ঘাটে পুলিশ বক্সে সোপর্দ করে।
গতকাল বিকেলে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়ারুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।