ঢাকায় অভিবাসন নিয়ে বিশ্ব সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম আসর ঢাকায় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলন শুরু হয়েছে।

অভিবাসন ও বৈশ্বিক শরণার্থী পরিস্থিতির করণীয় নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে এবারের এই সম্মেলনে। সম্মেলনের প্রথম দুই দিন অভিবাসন নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি প্রতিনিধিরা অভিবাসন, উন্নয়ন ও সুশাসনসংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সরকারি পর্যায়ের আলোচনা, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে জিএফএমডি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের সরকারি পর্বটি উদ্বোধন করবেন।

সম্মেলনের প্রথম দিনে আজ সকালে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০০ নাগরিক প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে এবারের সম্মেলনের চেয়ারম্যান পররাষ্ট্রসচিব শহিদুল হক বলেন, এ বছরটি অভিবাসনের জন্য সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অভিবাসন খাতের সব সমস্যা সমাধানে নাগরিকদেরই বেশি উদ্যোগ নিতে হবে। সরকার ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। অধিবেশনে সভাপতিত্ব করেন সিভিল সোসাইটির চেয়ার কলিন রাজা।

এ বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় বিদেশিদের ওপর জঙ্গি হামলার পর অনেক বিদেশিই ঢাকা সফর বাতিল করেছিলেন। কিন্তু পাঁচ মাস পর অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (জিএফএমডি) অংশ নিতে প্রায় ৩০০ বিদেশি এখন ঢাকায়। আজকালের মধ্যে আরও কয়েক শ বিদেশি প্রতিনিধি আসবেন। বাংলাদেশ আশা করছে এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশকে চিনবেন বিদেশিরা।
অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে জিএফএমডি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে। ২০০৭ সালে বেলজিয়ামে প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৮ সালে ফিলিপাইনে, ২০০৯ সালে গ্রিসে, ২০১০ সালে মেক্সিকোতে, ২০১১ সালে সুইজারল্যান্ডে, ২০১২-১৩ সালে মরিশাসে, ২০১৩-১৪ সালে সুইডেনে ও ২০১৫ সালে তুর্কিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে নবম সম্মেলন। ১০ম সম্মেলন হবে জার্মানিতে।