ঢাকায় অর্ধেক, সারা দেশে দুই-তৃতীয়াংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ও ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়ার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুই-তৃতীয়াংশ স্থানেই এ অবস্থা রয়েছে। এ কারণে ভোটারদের উপস্থিতি যেমনটি আশা করা হয়েছিল, তার চেয়ে অনেক কম হবে বলে আশঙ্কা করছেন মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা। বিষয়টি তাঁরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
পুলিশ সদর দপ্তরের তথ্যে দেখা গেছে, দেশে মোট ১৮ হাজার ২০৮টি কেন্দ্রের মধ্যে ১৩ হাজার ১০৮টিই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আর ঢাকা মহানগরে প্রায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। রাজধানীর মোট এক হাজার ২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে ব্যাপারে পুলিশ-র‌্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী সতর্ক থাকবে।
এর আগে গতকাল সকালে ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়, ভোটকেন্দ্র পোড়ানোর ঘটনার পর ঢাকা মহানগরে আটটি নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, পুলিশের কাছে তথ্য ছিল শুক্রবার রাতেই দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা হতে পারে। রাজধানীর অর্ধেক কেন্দ্রসহ সারা দেশের বিভিন্ন কেন্দ্র পুড়িয়ে দেওয়া হতে পারে—এমন তথ্যও ছিল তাদের কাছে। বিষয়টি আগে থেকে জেনে যাওয়ায় পুলিশ সতর্ক ছিল। পুলিশের দাবি, শুক্রবারের পরিকল্পনা প্রায় ব্যর্থ করে দিয়েছে তারা। এরপর শনিবার সকাল থেকে সব কেন্দ্রে নিরাপত্তাকর্মী নিয়োজিত করা হয়েছে। এ ছাড়া দুপুরের পর থেকে সেনাবাহিনী রাজধানীতে টহল দিতে শুরু করেছে।
বিভিন্ন জেলা থেকে পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপারদের (এসপি) পাঠানো তথ্যে বলা হয়েছে, পুলিশের সতর্ক থাকার পরও শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রসহ ৩০টি স্থানে হামলা হয়েছে। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সব ঘটনা ঘটেছে অন্ধকারে অথবা লোকচক্ষুর আড়ালে। এসব ঘটনায় মামলা করে আসামিদের গ্রেপ্তারের তৎপরতা শুরু করেছে পুলিশ।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০টির মতো স্থানে বড় ধরনের হামলা হয়েছে। এসব এলাকার জনমনে আতঙ্ক রয়েছে। এ কারণে ওই সব এলাকায় ভোটার উপস্থিতি খুব কম হবে বলেই তাঁরা মনে করছেন। এসব স্থানের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড, ব্রাহ্মণবাড়িয়া সদর, ফেনীর দাগনভূঞা, গাইবান্ধার পলাশবাড়ী, বগুড়া, শেরপুর, সাতক্ষীরা, নরসিংদী, রাজশাহীর চারঘাট, লক্ষ্মীপুরের রামগতি, পাবনার সাঁথিয়া উল্লেখযোগ্য।
নির্বাচন কমিশনের সূত্র জানায়, ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৯২ হাজার পুলিশ, ৪৮ হাজার সেনাসদস্য, দেড় হাজার নৌবাহিনী, এক হাজার বিমানবাহিনীর সদস্য ও দেড় হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে ২১ হাজার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য অঙ্গীভূত আনসার হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোর আশপাশে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রভিত্তিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। রাজধানীতে নির্বাচনের দিন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত থাকবেন। নির্বাচন কমিশনেরও ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। এঁরা ভোট গ্রহণের পর আরও এক দিন থাকবেন।
নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি জানাতে গতকাল শনিবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, রাজধানীর আটটি আসনের কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব আসনে কোনো ধরনের নাশকতা হবে না।