ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (আইএএস) ১৯তম সম্মেলন। কাল সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আজ রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের কার্যক্রম শুরু হবে।সম্মেলনে যোগ দিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু দুই দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঢাকা সফরের সময় ওআইসির মহাসচিবকে বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডেল দেওয়া হবে।আইএএস সম্মেলনের প্রধান সমন্বয়কারী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাদেশে আইএএসের এটাই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে প্রায় ৭০ জন বিদেশি প্রতিনিধি থাকবেন, যাঁদের মধ্যে আইএএসের সভাপতি জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী আবদেল সালাম মাজালিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন।