ঢাকায় আইপিইউ সম্মেলনে আসছে না পাকিস্তান
বাংলাদেশে ১-৫ এপ্রিল অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পাকিস্তান এ জন্য কোনো কারণ উল্লেখ করেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নোট ভার্বালের মাধ্যমে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনকে বিষয়টি জানিয়ে দিয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ তিন অনুচ্ছেদের এক পত্রে বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার জন্য হাইকমিশনকে অনুরোধ জানায়।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতসহ কয়েকটি দেশ গত বছরের নভেম্বরে ইসলামাবাদে নির্ধারিত সার্ক শীর্ষ সম্মেলন বর্জন করেছিল। আইপিইউ সম্মেলনে ১৩২টি দেশের ৬৫০ জনের বেশি এমপি অংশ নেবেন। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অসাম্য অবসানের বিষয়ে সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ হবে তাদের আলোচনার বিষয়বস্তু।