ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) মতে, বিশ্বে বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরগুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এই ঘনবসতিপূর্ণ শহরটিতে জীবনযাপন যেভাবে চলছে, তা দেখে বিদেশিরা বিস্ময়াভিভূত হন। তা সত্ত্বেও শহরটি যেমন টিকে আছে, তেমনি সাম্প্রতিক বছরগুলোতে এর উন্নতিও ঘটেছে। আর এ শহরেই অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ।
নতুন এস্টেট এজেন্সি বা জমি ও বাড়ি কেনাবেচার নতুন প্রতিষ্ঠান জেমকন সিটির মালিক কাজী ইনাম আহমেদ বলেন, ‘আপনি যদি ২০০৫ সালে ধানমন্ডিতে (ঢাকার সবচেয়ে বেশি বিত্তশালীদের আবাসিক এলাকার অন্যতম একটি) ৬৪ লাখ ৫০ হাজার টাকায় (৮৩ হাজার মার্কিন ডলার) কোনো সম্পত্তি তথা জমি কিনে থাকেন, তাহলে সেটির দাম এখন পাঁচ থেকে ছয় গুণ বেশি হবে।’
একুশ শতকের সবচেয়ে অর্থনৈতিক সম্ভাবনাময় দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচ ‘ব্রিক’ (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া ও চীন) ও ‘মিন্ট’-এর (মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও তুরস্ক) পরে ‘নেক্সট ইলেভেন’ (পরবর্তী এগারো) নামে যেসব বিকাশমান দেশকে নিয়ে আরেকটি তালিকা তৈরি করেছে, তাতে বাংলাদেশও রয়েছে। এ ছাড়া বিস্ময়করভাবে ঘনবসতিপূর্ণ হয়ে ওঠা রাজধানী ঢাকায় যেভাবে বাড়ি-জমির দাম ফুলে-ফেঁপে উঠেছে, তাতে গোল্ডম্যান স্যাচের ওই তালিকায় বাংলাদেশের নাম থাকার যথার্থতা প্রমাণিত হয়।
ঢাকা শহরের উত্তরাঞ্চলে ১৯৮০-এর দশক থেকে আধুনিক বসতি গড়ে উঠতে শুরু করে। অথচ ওই এলাকায় একসময় বাড়ি-ঘর ছিল সেকেলে ধরনের বা পুরোনো আমলের।
বারিধারায় নাভানা-করতোয়া অ্যাপার্টমেন্টে রিমোট-নিয়ন্ত্রিত টয়লেট স্থাপনকালে মিস্ত্রি মুহাম্মদ মিয়া জানান, তিনি ওই এলাকায় নিয়মিতই এ ধরনের কাজ করে থাকেন। সাধারণত বিদেশি দূতাবাসগুলোর স্টাফ এবং দেশের কিছু কোটিপতি এসব বাড়িতে থাকেন। নাভানার করতোয়ার এই প্রকল্পের সাড়ে তিন হাজার বর্গফুটের প্রতিটি অ্যাপার্টমেন্টের দাম ১৫ লাখ ডলারেরও বেশি পড়ে।
নাভানা রিয়েল এস্টেটের মাধ্যমে করতোয়ার পাশাপাশি এর কাছাকাছি অবস্থানের মিড সামার ড্রিমের মতো অ্যাপার্টমেন্টগুলো প্রতি বর্গফুট প্রায় ৪৪০ ডলার দামে বিক্রি হচ্ছে। এ ধরনের অ্যাপার্টমেন্টের দাম পড়ে ১০ লাখ ডলারের বেশি। অথচ ২০০৯ সালে যখন মিড সামার ড্রিমের অ্যাপার্টমেন্ট বিক্রি শুরু হয়, তখন প্রতি বর্গফুটের দাম ছিল ১৯ হাজার টাকা। কিন্তু ওই দাম এখন বেড়ে ৩৫ হাজার টাকায় দাঁড়িয়েছে।
খুব বেশি দিন আগের কথা নয়, ঢাকার এই এলাকাটি ছিল নিছক ধানখেত। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের বছরে এই শহরে সাকুল্যে ১০ লাখ মানুষে বাস করত। অথচ সেই শহরে এখন দেড় কোটি মানুষের বসবাস এবং প্রতিবছর নতুন পাঁচ লাখ করে যোগ হচ্ছে।
ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর আরবান স্টাডিজের নগর পরিকল্পনাবিদ নুরুল ইসলাম বলেন, ‘চার দশকে ঢাকায় বছরে গড়ে প্রায় ৫ শতাংশ করে জনসংখ্যা বেড়েছে।’ তিনি আরও বলেন, ‘১০ বছর আগে যেই জায়গায় একটি পরিবার বাস করত, সেখানে এখন আমাদের ৪০ পরিবারের বসবাস।’
বাংলাদেশের অল্পসংখ্যক মানুষই ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট কিনতে পারেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক স্থপতি ফাওয়াজ রবের মতে, ঢাকার মতো উচ্চমূল্যের বাজারে বাড়ি-জমিতে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। কারণ, দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে বাড়ি-জমির দামও ওঠানামা করে।’
ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ঢাকার অবকাঠামোগত সক্ষমতাকে বহু বছর আগেই ছাড়িয়ে গেছে। শহরের রাজপথে বেসরকারি বাস চলাচল করলেও তা যেন পরিকল্পনাহীন কিংবা পরিকল্পনা থাকলেও সেটি খুবই অপ্রতুল।
ঢাকার গুলশান এলাকায় বিপুলসংখ্যক আন্তর্জাতিক রেস্তোরাঁ গড়ে উঠেছে। আবার মধ্যাঞ্চলীয় ধানমন্ডি সাংস্কৃতিকভাবে অধিকতর গতিশীল। ধানমন্ডি এলাকায় জেমকন সিটি রিয়েল এস্টেটের ১০ তলাবিশিষ্ট অত্যাধুনিক প্রকল্প সঞ্চিতায় আড়াই লাখ পাউন্ড দরে অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে।
[ফাইন্যান্সিয়াল টাইমস-এ ১৪ মার্চ প্রকাশিত প্রতিবেদনের কিছুটা সংক্ষেপিত রূপান্তর]