আগামী বছরের শুরুতে ঢাকায় চালু হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্র। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এটি পরিচালিত হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়াই হবে এ কেন্দ্রের মূল কাজ। ঢাকায় ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোইন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্রের আঞ্চলিক শাখা আগামী বছর থেকে বাংলাদেশে কাজ শুরু করবে। বৈশ্বিক প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সামর্থ্য বাড়ানো হবে এ কেন্দ্রের প্রধান কাজ। নিয়মিত আলোচনার অংশ হিসেবে ফ্রোইন ছাড়াও ইইউভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূত গতকাল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন। প্রস্তাবিত সন্ত্রাসবাদ দমন কেন্দ্র প্রসঙ্গে ফ্রোইন জানান, এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ সার্কভুক্ত সব দেশের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, প্রস্তাবিত কেন্দ্রের আওতায় অভিযান পরিচালনা ও গোয়েন্দা কর্মকাণ্ডসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণই দেওয়া হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রের প্রশিক্ষণের আওতায় থাকবেন শুধু পুলিশের সদস্যরা। ইইউর জ্যেষ্ঠ এ কূটনীতিক জানান, সন্ত্রাসবাদ দমন কেন্দ্রের জন্য নতুন কোনো অবকাঠামো তৈরি হবে না। প্রশিক্ষণকে ঘিরেই পরিচালিত হবে এ কেন্দ্রের কর্মকাণ্ড। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্র প্রতিষ্ঠায় বাংলাদেশকে কেন বেছে নেওয়া হলো—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য ভূমিকা রেখেছে। দক্ষিণ এশিয়ার দুই বড় দেশ ভারত ও পাকিস্তান প্রস্তাবে বাংলাদেশকে সমর্থন দিয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফ্রোইন সাংবাদিকদের জানান, নিয়মিত আলোচনার অংশ হিসেবে সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় মন্ত্রীকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি জানানো হয়। এশিয়ায় এর আগে ইন্দোনেশিয়ায় এ ধরনের প্রথম কেন্দ্রটি চালু করা হয়। দীপু মনির সঙ্গে বৈঠকে ইইউ কূটনীতিকেরা বিদ্যুৎ-সংকট নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানান। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন এসব বিষয়ও আলোচনায় উঠে আসে।