ঢাকায় আজ থেকে অভিবাসন বিষয়ক বিশ্ব সম্মেলন শুরু
অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম আসর ঢাকায় শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। অভিবাসন ও বৈশ্বিক শরণার্থী পরিস্থিতির করণীয় নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে এবারের এই সম্মেলনে। সম্মেলনের প্রথম দুই দিন অভিবাসন নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি প্রতিনিধিরা অভিবাসন, উন্নয়ন ও সুশাসন-সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সরকারি পর্যায়ের আলোচনা, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে জিএফএমডি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের সরকারি পর্বটি উদ্বোধন করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের প্রায় এক কোটি লোক বিদেশে কাজ করছেন। স্থায়ী অভিবাসী আছেন আরও কয়েক লাখ। কাজেই আজকের বিশ্বে অভিবাসন নিয়ে যে আলোচনা, বাংলাদেশ তাতে নেতৃত্ব দিচ্ছে। জিএফএমডি আয়োজন সেই নেতৃত্বেরই প্রমাণ। আমরা আশা করছি উন্নয়ন, অভিবাসন ও শরণার্থীবিষয়ক সব সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসবে এবারের জিএফএমডি সম্মেলনে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এবারের সম্মেলনে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিনসহ অন্তত ২০টি দেশের মন্ত্রীরা আসছেন। আসছেন প্রায় অর্ধশত দেশের সচিবরা।
জিএফএমডির এবারের চেয়ারম্যান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, এবারের জিএফএমডি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে বিশ্ব সম্প্রদায় অভিবাসন ইস্যুতে একটি বৈশ্বিক চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। এটা বাংলাদেশের প্রস্তাবিত একটি বৈশ্বিক চুক্তি। এর মাধ্যমে অভিবাসন, শরণার্থী ও মানব পাচারবিষয়ক সমস্যার সমাধান খোঁজা হবে।
জিএফএমডি বাংলাদেশের নাগরিক কমিটির সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার বলেন, ‘শ্রম অভিবাসন, অভিবাসন, শরণার্থী সমস্যা—এগুলো এখন কোনো একক দেশের সমস্যা নয়। এগুলো বৈশ্বিক সমস্যা। সবাই মিলেই এসব সমস্যার সমাধান করতে হবে। এই সম্মেলন সে ক্ষেত্রে একটা বিরাট সুযোগ।’