ঢাকায় আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন ফেব্রুয়ারিতে
২০১২ সালে ঢাকায় আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর প্রস্তাবে সাড়া দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ এই সম্মেলনের আয়োজক হতে যাচ্ছে।ঢাকায় অনুষ্ঠেয় সাংস্কৃতিক ফোরামের সম্মেলনের বিষয়ে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।তথ্যমন্ত্রী জানান, ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করা হবে। সম্মেলন চলবে তিন দিন। সোনারগাঁও হোটেল অথবা রূপসী বাংলায় হবে সম্মেলনের মূল অনুষ্ঠান।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সংস্কৃতি বিনিময় করা এই সম্মেলনের মূল উদ্দেশ্য। যেহেতু ইউনেস্কোর স্বীকৃতির প্রেক্ষাপটেই দেশের মানুষ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে, তাই এ মাসটিকেই সাংস্কৃতিক সম্মেলন করার সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে।সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম বলেন, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি সদস্যদেশসহ ৪৪টি দেশকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। কক্সবাজারের সমুদ্রসৈকত, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, নারায়ণগঞ্জের সোনারগাঁ, সুন্দরবনসহ বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপনা অতিথিদের দেখানো হবে।