ঢাকায় আফ্রিকান ৩ নাগরিক গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে জাল ডলার তৈরির অভিযোগে আফ্রিকান তিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এর মধ্যে দুজন নারী। গতকাল মঙ্গলবার রাতে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৪৪ নম্বর বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন পারেজ ওয়াই পারেজ ইফরায়েন (৩৭), সেনকারিন নাট্টি (৩৬) ও মিকু সানডিও নাথালি লাওরেল (২১)। জাল ডলার তৈরির দলটির পুরুষ সদস্য ইয়ারফেন দক্ষিণ আফিকার এবং নারী দুজন নাট্টি ও মিকু ক্যামেরুনের নাগরিক। তাঁদের কাছ থেকে জাল ডলার তৈরির ৩০ বান্ডিল কাগজ, ডলার তৈরির নির্দেশিকা, সাদা প্লাস্টিক বোতলে তরল পদার্থ পাওয়া গেছে। গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তাঁরা জাল ডলার তৈরির আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত।
আজ বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল জাল ডলার তৈরির চক্র সম্পর্কে একটি ই-মেইল পাঠিয়েছিল। সেই সূত্র ধরে কাজ শুরু করে ডিবি। তিন আফ্রিকান টুরিস্ট ভিসায় তিন মাস আগে বাংলাদেশে আসেন।
এর আগে গত রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে পাকিস্তানের তিন নাগরিককে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের কাছ থেকে বোমা তৈরির নির্দেশিকা ও সমরাস্ত্রের তথ্যসমৃদ্ধ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।