ঢাকায় আরও ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন, তাঁদের আপিলের শুনানি অব্যাহত আছে। গতকাল রোববার দ্বিতীয় দিনে আরও ৪৭ জন প্রার্থীর আপিলের শুনানি হয়। এর মধ্যে ১৭ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন আপিল কর্তৃপক্ষ।
গত শনিবার প্রথম দিনে ২২ জনের আপিলের বিষয়ে শুনানি হয়। সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিলের এ শুনানি হচ্ছে। বিভাগীয় কমিশনার জিল্লার রহমান শুনানি শেষে সঙ্গে সঙ্গে রায় জানিয়ে দিচ্ছেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, আজ সোমবার ৫২ এবং আগামীকাল ৫০ জনেরও বেশি প্রার্থীর আপিলের শুনানি হবে। প্রথম দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী বিএনপির আবদুল আউয়াল মিন্টু এবং দক্ষিণে একই পদে প্রার্থী কারাবন্দী বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিলেও বহাল রাখা হয়। গতকাল মিন্টুর আপিলের রায়ের সত্যায়িত অনুলিপি কমিশনারের কার্যালয় থেকে সংগ্রহ করেন তাঁর প্রতিনিধি। অনুলিপি হাতে পাওয়ার পর মিন্টু মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে রিট আবেদন করেন।
আপিল শুনানিকে কেন্দ্র করে গতকালও বিভাগীয় কমিশনারের কার্যালয় ছিল সরগরম। যাঁদের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষিত হয়েছে, তাঁরা বিজয়ের হাসি হেসেছেন। সিদ্ধান্ত বহাল থাকায় দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড কাউন্সিলরের সংরক্ষিত নারী আসন প্রার্থী সুফিয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘সারা জীবন মিছিল-মিটিং করেছি, এখন সামান্য সই ভুলের কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে গেল। আপিল শুনানিতে অনেক অনুরোধ করেও কোনো লাভ হয়নি। এখন এলাকায় কেমনে মুখ দেখাব?’
গতকাল উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের প্রার্থী নাইম হাসানের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।