
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্তে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) চলতি সপ্তাহে ঢাকায় আসছে। এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো শফিউর রহমান ফারাবীকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এদিকে অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদকে উন্নত চিকিৎসার জন্য গতকাল যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। ইকনোমিক টাইমস-এর খবরে বলা হয়েছে, অভিজিতের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহ্বান জানিয়েছেন ছয় কংগ্রেস সদস্য। গত ২৭ ফেব্রুয়ারি তাঁরা এ চিঠি দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, এফবিআই চলতি সপ্তাহে ঢাকায় আসবে। তারা অভিজিৎ হত্যা মামলার তদন্তকারীদের সঙ্গে বৈঠক করবে। প্রয়োজনমতো তারা তদন্তকারীদের সহায়তা দেবে।
রাফিদা আহমেদ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। অভিজিতদের বড় মগবাজারের বাসায় আলাপকালে তাঁর বাবা অধ্যাপক অজয় রায় বলেন, মার্কিন দূতাবাস রাফিদাকে উন্নত চিকিৎসার জন্য সে দেশে নিয়ে গেছে। তারা তাঁর চিকিৎসার তদারকি করছে। দূতাবাস থেকে রাফিদাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়টি দুপুরে তাঁকে নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, এফবিআইয়ের একটি প্রতিনিধিদল তাঁর বাসায় এসেছিল। ইউরোপীয় ইউনিয়ন থেকে তাঁকে ফোন করে হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চেয়েছে। তিনি মনে করেন, ফারাবীকে জিজ্ঞাসাবাদ করলে খুনের সঙ্গে জড়িত অন্যদের নাম বেরিয়ে আসবে।
সকালে ডিবি পুলিশ ফারাবীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
তদন্ত কমিটি: অভিজিৎ হত্যার ঘটনায় পুলিশের কর্তব্যে অবহেলা ও গাফিলতি ছিল কি না, তা তদন্তে ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ ও অভিযান) মীর রেজাউল আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার (অর্থ ও বাজেট) মো. মাসুদুর রহমান ভূঁঞা ও উপকমিশনার (শৃঙ্খলা) আক্তারুজ্জামান।
জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, কমিটি তদন্ত শুরু করেছে।
সংবাদ ব্রিফিং: দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ফারাবী জিজ্ঞাসাবাদে অভিজিৎসহ কয়েকজনকে ফেসবুকে হুমকি দেওয়ার কথা স্বীকার করেন। এ ছাড়া তিনি পেশাগতভাবে বিভিন্নজনকেও হুমকি দেন। ফারাবীর সঙ্গে অন্য যারা সুর মিলিয়েছে সে বিষয়ে তাঁর কাছ থেকে জানার চেষ্টা চলছে। হত্যায় অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে ফারাবীর সম্পর্ক না থাকলেও তিনি এ হত্যায় প্ররোচনা দানকারী। ২০১৩ সালে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর জানা যায়, তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত।
যুগ্ম কমিশনার বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে যারা হতাহতের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে ফারাবীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর সূত্র ধরে মামলার রহস্য উদ্ঘাটন, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে। হত্যায় সরাসরি অংশ নেওয়া কাউকে এখনো শনাক্ত করা যায়নি। তবে দুই ব্যক্তি খুন করে দুদিকে পালিয়ে গেছে, এমন তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, সূত্রবিহীন এ মামলা উদ্ঘাটনে দক্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা ছিল না। বইমেলার ভেতর সিসি ক্যামেরা থাকলেও এর অসংখ্য ভিডিও ফুটেজে আসামি শনাক্ত করা অসম্ভব। আসামি গ্রেপ্তার হলে তা ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়া যাবে।
মনিরুল ইসলাম বলেন, অভিজিৎ হত্যার ধরন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত এর আগের হত্যাগুলোর ধরন থেকে আলাদা। এ হত্যাকাণ্ড উগ্রপন্থী কোনো সংগঠন এমনকি নিষিদ্ধ কোনো জঙ্গি সংগঠনও ঘটিয়ে থাকতে পারে। আনসার বাংলা টিম-৭ নামের একটি সংগঠন হত্যায় দায় স্বীকার করেছে, এতে ওই সংগঠন জড়িত কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিজিতের স্ত্রীর বক্তব্যে হত্যাকারীদের শনাক্ত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
ছয় কংগ্রেস সদস্যের বিবৃতি: অভিজিতের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানানো ছয় কংগ্রেস সদস্য ওই চিঠিতে লেখেন, ‘মতপ্রকাশ এবং চিন্তার স্বাধীনতার বিষয়ে আমাদের অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে।’ এই ছয়জন হলেন মাইক হোন্ডা, এড রয়েস, এলিয়ট এঞ্জেল, গ্রেস মেং, স্টিভ চ্যাভট ও অ্যামি বেরা।
চিঠিতে বলা হয়, ‘অভিজিৎ রায়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করা এবং বাংলাদেশের অন্য ধর্মনিরপেক্ষ চিন্তার মানুষ এবং লেখকদের ওপর হুমকির বিষয়গুলো গভীরভাবে বিবেচনার জন্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বাংলাদেশ সরকারের সঙ্গে অবশ্যই একযোগে কাজ করতে হবে।’ চিঠির বিষয়ে মাইক হোন্ডা বলেন, ‘চরমপন্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান স্মরণ করিয়ে দিতে এবং মুক্তচিন্তার স্বাধীনতার পাশে জোরালোভাবে দাঁড়াতে আমরা এ চিঠি লিখেছি।’
চিঠি প্রসঙ্গে অ্যামি বেরা বলেন, ‘মতপ্রকাশের মৌলিক অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। এই মুক্তচিন্তার পক্ষেই কাজ করতেন অভিজিৎ। অভিজিতের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন দূতাবাসের প্রতি আমি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।’