ঢাকায় আসছেন ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অন্যতম জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিস ৩০ জুলাই ঢাকা আসছেন। ট্রাম্প ছয় মাস আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এটিই উচ্চপর্যায়ের প্রথম সফর।
ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো গতকাল মঙ্গলবার লিসা কার্টিসের বাংলাদেশ সফরের বিষয়টি এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দিনের এই সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন লিসা কার্টিস। এ ছাড়া সরকারের উচ্চপর্যায়ের আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর আলোচনা হতে পারে।
লিসা কার্টিসের সফরের প্রস্তুতি নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গত সোমবার সকালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাস পরও মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদটি খালি থাকায় এই সফরটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। কারণ রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া লিসা কার্টিস প্রেসিডেন্টের উপসহকারীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালকের দায়িত্ব পালন করছেন। ফলে তাঁর সংক্ষিপ্ত ঢাকা সফরের সময় দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন মার্কিন প্রশাসন কী ভাবছে সে সম্পর্কে ধারণা পাবেন বাংলাদেশের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী দপ্তরের অন্যতম শাখা জাতীয় নিরাপত্তা কাউন্সিল মূলত পররাষ্ট্রনীতি, গোয়েন্দা কর্মকাণ্ড ও জাতীয় নিরাপত্তার বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপসহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অন্যতম জ্যেষ্ঠ পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে গবেষণাপ্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়ান স্টাডিজ সেন্টারে দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো হিসেবে কাজ করতেন লিসা কার্টিস। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ হিসেবে পরিচিত লিসা কার্টিসের গবেষণায় যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারি, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের সন্ত্রাসবাদবিরোধী নীতি এবং এই অঞ্চলে ইসলামি উগ্রপন্থা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।